তারেক-জোবাইদার সাজার রায়ে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ
বিএনপির মিছিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ছিল বলে জানান সদর মডেল থানার ওসি।
একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে দেওয়া সাজার প্রতিবাদে নারায়ণগঞ্জে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি৷
বুধবার বিকালে জেলা ও মহানগর বিএনপির নেতারা আলাদা মিছিল করেন৷
ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই ধারায় ৯ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান বুধবার এ মামলার রায় ঘোষণা করেন। আইনের দৃষ্টিতে পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারিরও আদেশ দিয়েছেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক ও তার স্ত্রী বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের অভিযোগে এই মামলাটি হয় ২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে।
বুধবার এ মামলায় তারেক-জোবাইদাকে দেওয়া সাজার প্রতিবাদে বিকাল সাড়ে ৪টার দিকে শহরের খানপুর এলাকা থেকে মহানগর বিএনপির মিছিলটি বের হয়ে চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে এসে শেষ হয়৷
মহানগরের আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদসহ প্রায় অর্ধশত নেতাকর্মী মিছিলে অংশ নেয়৷
একই সময় খানপুরে হাসপাতাল রোডে মিছিল করেন জেলা বিএনপির নেতারা৷
মিছিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া উপস্থিত ছিলেন৷
এদিকে মহানগর বিএনপির ব্যানারে বিকাল সাড়ে ৫টায় শহরের ডিআইটি এলাকায় আলাদা বিক্ষোভ মিছিল করেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ফখরুল ইসলাম মজনু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান, সদস্য আওলাদ হোসেনসহ বিএনপি নেতারা৷
বিএনপির মিছিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল বলে জানান সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা৷
আরও পড়ুন:
