২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ‘নলকূপে সংযোগ দিতে গিয়ে’ বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত

ওসি বলেন, নিহতদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 07:28 PM

Updated : 21 Oct 2023, 07:27 PM

নওগাঁর ধামইরহাট উপজেলায় ‘অগভীর নলকূপে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে’ দুজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুজন।

শনিবার দুপুরে উপজেলার জগৎনগর মৌজার জয়জয়পুর এলাকায় এ ঘটনা ঘটে বলে ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান।

নিহতরা হলেন- ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে মোতাব্বের রহমান মনা (৩৫) এবং সোম মুর্মুর ছেলে সামসুন মুর্মু (৫৫)।

এ ঘটনায় আহত দুলাল হোসেন (৬২) ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তার ছোট ছেলে আব্দুল্লাহ আল রাফি (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

দুলাল হোসেন সাংবাদিকদের বলেন, “স্যালো টিউবওয়েল ওয়াটার (এসটিডব্লিউ) বা অগভীর নলকূপে পল্লী বিদ্যুতের টেকনিশিয়ান সংযোগ দেওয়ার সময় চারজনই বিদ্যুৎস্পৃষ্ট হই। ঘটনাস্থলেই আমার ছেলে মনা আর শ্রমিক সামসুন মারা যায়।”  

পল্লী বিদ্যুৎ সমিতির ধামইরহাট আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এস এম মোস্তাফিজুর রহমান বলেন, “অগভীর নলকূপে সংযোগ প্রক্রিয়া প্রস্তুত করার পর ঘরের টিনের চালা ঠিক করতে গিয়ে তারা আকস্মিকভাবে বিদ্যুতায়িত হয়ে মারা যান। এটি দুঃখজনক।”

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন জানিয়ে ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, নিহতদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।