রাঙামাটিতে দাম বেশি রাখায় তিন দোকানিকে জরিমানা
শনিবার শহরের বনরুপা বাজারের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
রমজান ও আসন্ন বৈসাবি উৎসবকে সামনে রেখে বাজার ব্যবস্থা মনিটরিং ও অভিযান পরিচালনা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এ সময় মূল্য তালিকা না থাকা ও পণ্যের দাম বেশি রাখায় তিন দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সকালে শহরের বনরুপা বাজারের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার নাথ, কোতোয়ালী থানার ওসি আরিফুল আমিন, কৃষি ও বাজার বিপণন কর্মকর্তা মো. সেলিম মিয়া।
এ সময় তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, মুরগি, গরুর মাংস, মাছের বাজার ও শপিং কমপ্লেক্সে দাম যাচাই-বাছাই করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “আমরা ব্যবসায়ীদের জরিমানা করতে আসিনি। তারা তাদের কেনা দাম থেকে লাভ করেই পণ্য বিক্রি করুক। তবে সেটা যেন অতিরিক্ত না হয়, তা দেখার জন্য আমাদের এই মনিটরিং করা।
“আগে সর্তক করার পরও যারা মূল্য তালিকা রাখেনি ও বাড়তি দামে পণ্য বিক্রি করছে তাদের জরিমানা করা হয়েছে। আশা করছি, এর মাধ্যমে সাধারণ মানুষ ন্যায্য দামে পণ্য কিনতে পারবেন।”
