যশোর বিশ্ববিদ্যালয়ে মারামারির ঘটনায় ছাত্রলীগের দুজন বহিষ্কার
ছাত্রলীগের দুপক্ষে মারামারির ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার বিকালে রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের সাক্ষর করা আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আব্দুর রশিদ।
বহিষ্কৃতরা হচ্ছেন- ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম হৃদয় এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের শিক্ষার্থী ও শহীদ মসিয়ূর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ।
অফিস আদেশের বরাত দিয়ে জনসংযোগ কর্মকর্তা বলেন, “১৬ অক্টোবর ছাত্রদের দুইপক্ষের মধ্যে সংঘটিত মারামারির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে অস্ত্রধারী দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ‘রুলস অব ডিসিপ্লিন ফর স্টুডেন্ট’ অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার করা হলো।”
এ ছাড়া মারামারির ঘটনা তদন্তে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. মেহেদী হাসানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন- সদস্য সচিব প্রক্টর ড. হাসান মো. আল-ইমরান এবং সদস্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাফিজ উদ্দিন।
কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বলেন, সাময়িক বরখাস্ত দুই শিক্ষার্থীর ক্ষেত্রে তদন্ত চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্টকে দুই শিক্ষার্থীকে হলে প্রবেশ ও অবস্থান না করতে দেওয়ার জন্য পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে তদন্ত কমিটির তদন্ত কাজে সহায়তা করার জন্য দুই শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে বলে জানান জনসংযোগ কর্মকর্তা।
