Published : 25 Apr 2023, 12:14 AM
অর্থ লেনদেনের একটি ভিডিও ফাঁসের পর রংপুরের পীরগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় ওসি জাকির হোসেনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার কথা সোমবার রাত ৮টার দিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতেখায়ের আলম জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে অর্থ লেনদেনের সত্যতা পাওয়ায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
“সেই সঙ্গে তদন্ত অব্যাহত রয়েছে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।”
রংপুর-ঢাকা মহাসড়কের ছয় লেন রাস্তার কাজে বালু দেওয়াকে কেন্দ্র করে ওসি জাকিরের অর্থ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জেরেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হল।