২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার ও হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

মৌলভীবাজারে দুজন এবং হবিগঞ্জে একজন নিহত হয়েছেন।

মৌলভীবাজার ও হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

প্রতীকী ছবি

মৌলভীবাজার প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 09:41 PM

Updated : 10 Oct 2022, 09:41 PM

মৌলভীবাজার ও হবিগঞ্জে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন।

সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুজন এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় একজন নিহত হয়েছেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, সোমবার বেলা সাড়ে ১২টায় চা বাগানের সেকশনে কাজ করছিলেন কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের মেগা রায়ের ছেলে চা শ্রমিক নৃপেন রায় (৪৫)। এ সময় বজ্রপাত হলে নৃপেন ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা এলাকার হামিদনগর গ্রামের ছিমাই মিয়ার ছেলে উম্মত আলী (৪৫) হাইল হাওরে কৃষিকাজ করছিলেন। দুপুর ২টায় বজ্রপাতে উম্মত আলী ঘটনাস্থলেই মারা যান।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় বলেন, দুই পরিবারেকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

এদিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলী বলেন, উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তাউছ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

সোমবার সকালে এ ঘটনা ঘটে। তাউছ মিয়া ওই গ্রামের মৃত জনাব আলীর ছেলে।

নিহতের পরিবার জানায়, তাউস মিয়া সকালে বাড়ি থেকে মাছ ধরার জন্য হাওরে যান। এরপর হঠাৎ করেই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরও বলেন, বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।