কক্সবাজারে ধান ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩
রাত ৩টার দিকে খামারের মালিক কাজের কথা বলে জুয়েলকে ঘুম থেকে ডেকে নিয়ে যান।
কক্সবাজারের রামু উপজেলায় ধান ক্ষেত থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, মৃতদেহে বৈদ্যুতিক শকের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বড়ডেবা এলাকার একটি ধান ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে রামু থানার পরিদর্শক মো. আনোয়ারুল হোসাইন জানান।
নিহত মোহাম্মদ জুয়েল (১২) রামুর খুনিয়াপালং ইউনিয়নের বড়ডেবা এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে।
সে ওই এলাকার ‘সিকদার পোল্ট্রি ফার্ম’ নামে একটি খামারের কর্মচারী ছিল।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নসরুল্লাহ রায়হান বলেন, “বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে জুয়েল নিজের বাড়িতেই ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে পোল্ট্রি ফার্মের মালিক রশিদ উল্লাহ ওরফে বর্মাইয়া রশিদ কাজের কথা বলে জুয়েলকে ঘুম থেকে ডেকে নিয়ে যান।”
ইউপি সদস্য আরও বলেন, “শুক্রবার দুপুরে স্থানীয়দের কাছে থেকে ধান ক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশকে জানাই।”
পরিদর্শক আনোয়ার বলেন, মরদেহে বৈদ্যুতিক শকের মত আঘাতের চিহ্ন আছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।
তিনি আরও বলেন, বিকালে ঘটনায় জড়িত সন্দেহে পোল্ট্রি ফার্মের তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
