সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষা, তীব্র গরমে শিক্ষক ও ৬ শিক্ষার্থী অসুস্থ
মুকুল নিকেতন স্কুলের দশম শ্রেণির এক ছাত্র জানায়, সকালে প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা শুরুর ২০ মিনিটেই কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
তীব্র গরমের কারণে পাঠদান বন্ধ রাখার সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষা নেওয়ার সময় কুমিল্লায় একটি স্কুলের ছয় শিক্ষার্থী ও এক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার সকালে দাউদকান্দি উপজেলার কানড়া মুকুল নিকেতন স্কুলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউএনও মো. মহিনুল হাসান ।
অসুস্থ শিক্ষকের নাম মার্জিয়ারা বেগম। তিনি ওই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
অসুস্থ শিক্ষার্থীরা হলো দশম শ্রেণির মো. ইয়াকুব হোসেন, মো. ইউসুফ মিয়া, আলিজা আক্তার, নবম শ্রেণির তারিন আক্তার, আঁখি আক্তার এবং ষষ্ঠ শ্রেণির নুসরাত আক্তার।
মুকুল নিকেতন স্কুলের দশম শ্রেণির এক ছাত্র জানায়, সকালে প্রচণ্ড গরম ছিল। ১০টায় পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যেই প্রচণ্ড গরমে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
স্কুলটির শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্ধবার্ষিক পরীক্ষায় বৃহস্পতিবার বিষয় ছিল বাংলা প্রথমপত্র। পরীক্ষা চলাকালে প্রচণ্ড গরমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ওই ছয় শিক্ষার্থী এবং এক শিক্ষক অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।
ইউএনও জানান, খবর পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে খবর নেন তিনি। বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অসুস্থদের মধ্যে আলিজা আক্তারের অবস্থার অবনতি হলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বখতিয়ারা আক্তার সাংবাদিকদের বলেন, “কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব না। তবে এক শিক্ষার্থীর অসুস্থতা দেখে অন্যরা ভয়ে অসুস্থ হতে পারে।”
বন্ধের মধ্যে পরীক্ষা নেওয়া ভুল হয়েছে বলে স্বীকার করেছেন কানড়া মুকুল নিকেতন স্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন। তবে বিষয়টি নিয়ে আর কোনো কথা বলতে রাজি হননি তিনি।
এদিকে, একই দিনে উপজেলার জিংলাতলী ইসলামী কমপ্লেক্স মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাত আক্তারও অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা (১২) ক্লাসে পাঠদান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনার পরদিন বুধবার অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম দিনে প্রচণ্ড গরমে ওই শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার পাঁচটি উচ্চ বিদ্যালয়ের ২২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
তীব্র দাবদাহের কারণে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে সরকারি নির্দেশনা দেওয়া হয়। পরে আরেক নির্দেশনায় বৃহস্পতিবারের জন্য উচ্চ বিদ্যালয়গুলোও বন্ধ রাখতে বলা হয়।
আরও পড়ুন:
