নারায়ণগঞ্জে ১৬ আবাসিক ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
অবৈধ সংযোগ নেওয়ার দায়ে ভবন মালিকদের এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জের বন্দরের আমিন আবাসিক এলাকায় ১৬টি ভবনের দেড়শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধ সংযোগ নেওয়ার দায়ে এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানাও করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে আমিন আবাসিকের দু’টি ব্লকে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান চলে।
এ সময় বিপুল পরিমান অবৈধ পাইপ ও গ্যাস সংযোগের রাইজার জব্দের কথা জানান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানির সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন জানান, ওই এলাকার অধিকাংশ বাড়ির মালিক অবৈধভাবে তিতাসের গ্যাস সংযোগ নিয়ে একেক বাড়িতে পনের থেকে বিশটি করে চুলা ব্যবহার করে আসছেন। তাদের কারণে বৈধ গ্রাহকরা গ্যাস সংকটে ভুগছেন। সুনির্দিষ্ট অভিযোগে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ১০ বাড়ির মালিকের কাছ থেকে এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিতাসের সুরুজ আলম জানান, অবৈধ সংযোগ দেওয়াদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিয়মিত অভিযানে পর্যায়ক্রমে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল পুলিশ সদস্য ছিলেন।
