‘বিশ্বকাপ নিয়ে দ্বন্দ্ব’, ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ
কিছুদিন আগে নিহত ব্যক্তির সঙ্গে পাশের গ্রামের এক যুবকের বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বিরোধে জড়ানোর কথা স্থানীয়দের বরাতে জানান ওসি।
মাগুরায় বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় এক ইজিবাইক চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে মাগুরা হাসপাতালে জনাব আলী (৪৭) নামে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।
এর আগে সন্ধ্যায় সদর উপজেলার পাকাকাঞ্চনপুর মসজিদের সামনে তার ওপর হামলার ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক আলী ওই গ্রামের গোলাম আকবর বিশ্বাসের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মোস্তাফিজুর জানান, বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে কিছুদিন আগে জনাব আলীর সঙ্গে পাশের গ্রামের এক যুবকের বিরোধ হয়। শনিবার সন্ধ্যায় তিনি স্থানীয় ইছাখাদা বাজার থেকে ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ওই যুবক ও তার সঙ্গীরা জনাব আলীর পথরোধ করেন।
এরপর তারা ইজিবাইক থেকে নামিয়ে জনাব আলীকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা মাগুরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি জানান, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রক্রিয়া শেষে মামলা হবে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
