২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পদ্মায় নিখোঁজ ২ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

সহপাঠীদের বরাতে স্বজনরা জানান, স্রোতের তোড়ে ভেসে যাওয়ার এক পর্যায়ে গালিব নদীতে ডুবে যায়; বন্ধুকে বাঁচাতে গিয়ে ডুবে যায় সাইমও।

রাজশাহীতে পদ্মায় নিখোঁজ ২ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

সারোয়ার সাইম (বাঁয়ে) ও রিফাত খন্দকার গালিব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 03:16 PM

Updated : 11 Jun 2023, 03:20 PM

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

রোববার নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার হয় বলে জানান রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ। 

নিহতরা হলেন- নগরীর মতিহার থানার মেহেরচন্ডির সাইদুর রহমানের ছেলে সারোয়ার সাইম (১৭) ও বোয়ালিয়া থানার দরগাপাড়ার খাজামিইনুদ্দীনের ছেলে রিফাত খন্দকার গালিব (১৭)। 

তারা দুইজন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র ছিল। 

সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, “নিখোঁজ দুই কলেজছাত্রের মধ্যে সাইমের মরদেহ উদ্ধার করা হয় রোববার সকাল সাড়ে ৭টার দিকে। আর দুপুর ১২টার দিক ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় গালিবের লাশ।“ 

এর মধ্য দিয়েই উদ্ধার অভিযানেরও সমাপ্তি ঘোষণা করেন তিনি। 

গালিবের ফুফাতো বোন রিক্তা পারভিন জানান, শনিবার সকালে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯ শিক্ষার্থী পদ্মার চরে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা পদ্মা নদীতে গোসল করতে নামে।

প্রথমে কিনারায় নামলেও পরে পদ্মার স্রোতের তোড়ে তারা দূরে ভেসে যায়। এক পর্যায়ে গালিব নদীতে ডুবে গেলে বন্ধু সাইম তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেও নদীতে ডুবে যায়। 

রিক্তা আরও জানান, এ সময় অন্য সহপাঠীরাও তাদের উদ্ধারের চেষ্টা করে কিন্তু নদীতে স্রোতের কারণে ওরা দুজন নদীর তীর থেকে আরও দূরে চলে যায়। পরে বন্ধু ও সহপাঠীরা তীরে এসে জাতীয় জরুরি সেবায় ‘৯৯৯’ ফোন দেয়। 

এরপর রাজশাহী সদর দপ্তরের ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রউফ জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

আরও পড়ুন:

পুরনো খবর:

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ ২ কলেজছাত্র