রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ ২ কলেজছাত্র
সাঁতার না জানার কারণে তারা নদীতে ডুবে যেতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস।
শনিবার সকালে নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় নদীতে তারা নিখোঁজ হয় বলে ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ওহিদুল ইসলাম জানান।
নিখোঁজ ছাত্ররা হলেন- নগরীর মতিহার থানার মেহেরচণ্ডি এলাকার সারোয়ার সাইম (১৭) ও বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকার খাজা মইনুদ্দীনের ছেলে রিয়াত খন্দকার গলিব (১৭)। তারা রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
ফায়ার সার্ভিসের ওহিদুল বলেন, “সকাল সাড়ে ১১টার দিকে নদীতে দুই কলেজছাত্র নিখোঁজের খবর পাই। দ্রুত সেখানে গিয়ে তল্লাশি শুরু করি। দুপুর ৪টা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।”
নিখোঁজ গালিবের ফুফু তামিনা খাতুন বলেন, “সকালে নদীতে গোসল করতে দুই বন্ধু বাড়ি থেকে বের হয়। ঘণ্টাখানেক পর তাদের নিখোঁজের খবর পাই।”
সাঁতার না জানার কারণে তারা নদীতে ডুবে যেতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মকর্তা ওহিদুলের।
