লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা, ১১ জনের যাবজ্জীবন
২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর রাতে মুখোশপরা কয়েকজন বন্দুকধারী মিরনকে গুলি করে হত্যা করে।
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মিরনকে হত্যায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন জানান।
দণ্ডিতরা হলেন- জামাল হোসেন, জসিম উদ্দিন, মো. শাহজাহান, ফয়সাল খান জয়, মো. মিলন প্রকাশ সিএনজি মিলন, আল-আমিন, বরকত, নিশান, রুবেল, আলাউদ্দিন সুমন প্রকাশ চুইল্লা সুমন ও লোকমান।
রায় ঘোষণার সময় আদালতে সিএনজি মিলন ও রুবেল উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে ১১ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
নিহত খোরশেদ আলম মিরন সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
মামলার বরাতে পিপি জসিম বলেন, ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর রাতে মিরন স্থানীয় একটি মুদি দোকানে বসে সালিশী বৈঠকের বিষয়ে কথা বলছিলেন। সে সময় মুখোশপরা কয়েকজন বন্দুকধারী দোকানে ঢুকে মিরনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে ৩০ সেপ্টেম্বর মিরনের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন বলে তিনি জানান।
পিপি আরও জানান, তদন্ত শেষে ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। এর মধ্যে তিন জন মারা যাওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক বছর কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি জসিম।
তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছেন মামলার বাদী।
