নারায়ণগঞ্জে সড়ক-মহাসড়কে তল্লাশিচৌকি, বাস না পেয়ে ভোগান্তি
ঢিমেতালে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ অন্যান্য সময়ের তুলনায় এবার তেমন কড়াকড়ি দেখা যায়নি তল্লাশিতে।
রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক ও মহাসড়কে তল্লাশিচৌকি স্থাপন করেছে পুলিশ৷
একইসঙ্গে নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী বিভিন্ন পরিবহনের বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার সকাল থেকে সরেজমিনে শহরের চাষাঢ়া, দুই নম্বর গেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, মৌচাক, সোনারগাঁয়ের কাঁচপুর, মদনপুর এলাকায় ঢাকামুখী লেনে পুলিশের তল্লাশিচৌকি দেখা যায়৷
এ ছাড়াও রূপগঞ্জের ভুলতা, গাউছিয়া, তিনশ’ ফিট, তারাব বিশ্বরোড এলাকাতেও তল্লাশিচৌকি রয়েছে বলে জানায় পুলিশ৷ মহাসড়কে পুলিশের সাঁজোয়া যান ও জলকামানও দেখা গেছে৷
তবে এসব স্থানে ঢিমেতালে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ অন্যান্য সময়ের তুলনায় এবার তেমন কড়াকড়ি দেখা যায়নি তল্লাশিতে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় অন্তত এক ঘণ্টা অবস্থান করে কোন বাস বা যাত্রাবাহী পরিবহন থামিয়ে তল্লাশি করতে দেখা যায়নি পুলিশকে৷ যদিও অন্য সময় সমাবেশকে ঘিরে কড়াকড়িভাবে তল্লাশি চালাতে দেখা গিয়েছিল পুলিশ সদস্যদের৷ তবে গতরাত থেকে ভোর পর্যন্ত পুলিশি তল্লাশিতে কড়াকড়ি ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা৷
মৌচাক মোড়ে নরসিংদী থেকে ছেড়ে আসা মনোহরদী পরিবহন লিমিটেডের স্টাফ মো. আলমগীর বলেন, “আজকা তেমন তল্লাশি নাই৷ এই পর্যন্ত পুলিশ গাড়ি থামায়নি৷ অন্যদিন তো চাইর-পাঁচ জায়গায় থামাইতো৷”
তবে সাইনবোর্ড এলাকাতে সকালের দিকে যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে৷ তবে বেলা বাড়ার সাথে সাথে তল্লাশি কার্যক্রম শিথিল হয়ে আসে৷
এদিকে বৃহস্পতিবার রাতে তিন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা৷ গ্রেপ্তাররা নাশকতার অভিযোগে করা পুরোনো মামলার আসামি।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে৷ তল্লাশিচৌকিগুলোতে রুটিনমাফিক তল্লাশি চলছে৷ তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷
ঢাকামুখী বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা
নারায়ণগঞ্জ থেকে বন্ধন, উৎসব, হিমাচল, শীতল, মৌমিতাসহ কয়েকটি পরিবহনের বাস ঢাকায় চলাচল করে৷ তবে সমাবেশকে ঘিরে সকাল থেকে ঢাকাগামী বাসগুলোতে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে৷
বাসগুলোর কাউন্টারও বন্ধ দেখা গেছে৷ এমনকি নারায়ণগঞ্জের অভ্যন্তরে চলা বাসগুলোকেও অন্য দিনের তুলনায় কম চলাচল করতে দেখা গেছে৷ সড়কে কয়েকটি বাস দেখা গেলেও তাতে যাত্রী পরিবহন করা হচ্ছিল না৷
পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে৷ শহরের চাষাঢ়ায় বাসস্ট্যান্ডে পরিবহনগুলোর কাউন্টারের সামনে যাত্রীদের অপেক্ষমান দেখা যায়৷ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কাঙ্খিত পরিবহন না পেয়ে ছোট পরিবহনে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন তারা৷ তাতে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া৷
এতে বিরক্তি প্রকাশ করেন সরকারি ছুটির দিনে নানা প্রয়োজনে বাসা থেকে বের হওয়া যাত্রীরা৷
গুলিস্তানের একটি বুটিক হাউজে চাকরি করেন রাজীব রায়৷ সরকারি ছুটির দিন হলেও তার প্রতিষ্ঠান বন্ধ নেই৷ দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষার পর স্ট্যান্ডে বিআরটিসির একটি বাস এলে তাতে উঠে পড়েন৷
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভাবলাম শুক্রবার অন্তত ভোগান্তি হবে না৷ এখন বেরিয়ে তো দেখি বাসই নেই৷ বাস যে চলবে না এটা আগে বলে দিলেই হয়৷ সাধারণ মানুষকে নিয়ে কেউ ভাবে না৷ আমাদের অবস্থা খারাপের চেয়েও খারাপ৷”
এদিকে বাস-মালিক সমিতির নেতাদের সূত্রে জানা যায়, সমাবেশকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল দেড় শতাধিক বাস রিজার্ভ করেছে৷ অধিকাংশ বাসই রিজার্ভ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ৷
নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি দিদারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাঁধন, বন্ধু ও আনন্দ পরিবহনের ৭৫টি বাস রিজার্ভ করেছে আওয়ামী লীগ৷ এছাড়াও বন্ধন, উৎসব, শীতল বাসও রিজার্ভ করেছে তারা৷
“অন্যান্য রাজনৈতিক দলও সমাবেশকে ঘিরে বাস রিজার্ভ করেছে৷ সব মিলিয়ে দেড়শ’ বাস সমাবেশের লোকজনই রিজার্ভ করেছে৷”
“আমাদের বাসগুলো সমাবেশে নামিয়ে দিয়েই আবার চলে আসবে৷ তারপর নিয়মিত যাত্রী আবার পরিবহন করবে৷ শুক্রবার হওয়াতে যাত্রীদের তেমন ভোগান্তি হবে বলে মনে হচ্ছে না’, বলেন বাস-মালিক সমিতির এ নেতা৷
এদিকে এ বিশেষ পরিস্থিতিতে যাত্রী পরিবহন চালু রেখেছে সরকারি পরিবহন বিআরটিসি৷
এ পরিবহনের চাষাঢ়ার কাউন্টারে বসা মো. শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে বলেন, “শুক্রবার ছুটির দিনে বিআরটিসি বাস চলাচল বন্ধ থাকে৷ কিন্তু আজকে আমাদের বাস চালু রাখার নির্দেশনা আছে৷ নারায়ণগঞ্জ থেকে ১২টি বাস চলছে৷ অন্য বাসগুলো বন্ধ থাকায় যাত্রী চাপ বেশি৷”
এদিকে মহাসড়কেও অন্য দিনের তুলনায় বাস চলাচল কম দেখা গেছে৷ দূরপাল্লার বাসগুলোকে ঢাকার দিকে ঢুকতে দেখা গেলেও ঢাকার বাইরের জেলাগুলোতে চলাচল করা বাসের উপস্থিতি মহাসড়কে কম দেখা গেছে৷
বেলা ১১টায় সাইনবোর্ডের চট্টগ্রামমুখী লেনে দূরপাল্লার কোনো বাস অপেক্ষমান দেখা যায়নি৷ যদিও এ স্থানে অন্য সময় নরসিংদী, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে যাতায়াতের দূরপাল্লার বাসের সারি দেখা যায়৷ শুক্রবার ছুটির দিনেও ব্যতিক্রম হয় না৷ তবে সমাবেশকে ঘিরে পরিস্থিতি ভিন্ন৷
সকাল থেকে সাইনবোর্ড এলাকাতেও বাসের জন্য অপেক্ষমান দেখা যায় যাত্রীদের৷ ঢাকামুখী কোনো বাস দেখলেই হুমকি খেয়ে পড়ছিলেন যাত্রীরা৷
আধ ঘণ্টারও বেশি সময় ধরে শিশু সন্তানকে নিয়ে দাঁড়িয়ে থেকেও গাজীপুর যাবার জন্য কাঙ্খিত বাস পাচ্ছেন না বলে জানান দিনমজুর মো. তাজনূর৷
তিনি বলেন, ফতুল্লার লালখা এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন৷ এখন বাড়িতে ফেরার জন্য বেরিয়ে বাস পাচ্ছেন না৷
আরও কিছুক্ষণ অপেক্ষা করেও বাস না পেলে পুনরায় আত্মীয়ের বাড়িতে ফিরে যাবেন বলে জানান তিনি৷
