ব্রাহ্মণবাড়িয়ায় বাবাকে ‘ছুরিকাঘাতে হত্যা’র অভিযোগ, ছেলে পলাতক
মগল মিয়া দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। এক মাস পূর্বে তিনি দেশে ফিরেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ‘ছেলের ছুরিকাঘাতে’ সৌদি আরব থেকে ফেরা এক প্রবাসীর মারা যাওয়ার কথা জানিয়েছে পুলিশ। ঘটনার পর পালিয়ে গেছেন ছেলে ও তার স্ত্রী।
সরাইল থানার ওসি আসলাম হোসাইন জানিয়েছেন, রোববার ভোরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেওড়া পশ্চিমপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত মগল মিয়া (৫৫) ওই এলাকার মৃত নবী হোসেনের ছেলে। মগল মিয়া দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। এক মাস পূর্বে তিনি দেশে ফিরেছেন।
ওসি জানান, মগল মিয়ার দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে সবার বড় মনির হোসেন (৩১)। তিন সন্তানের জনক মনির ভবঘুরে প্রকৃতির। তিনি কোনো কাজ না করে বাবার কাছ থেকে টাকা চেয়ে ও ধার-দেনা করে চলতেন। তার বিরুদ্ধে মাদক সেবন ও একাধিক বিয়ের অভিযোগও রয়েছে।
“রোববার ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফেরেন মগল মিয়া। এসময় মনির তার কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে মনির উচ্চস্বরে চেচামেচি শুরু করে এবং এক পর্যায়ে মগল মিয়ার বুকে ছুরিকাঘাত করে।”
স্বজনরা গুরুতর আহত অবস্থায় মগল মিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
ওসি আরও জানান, ছেলে মনির ও তার স্ত্রীকে আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
