২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অটোভ্যানে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

ব্যাটারিচালিত ভ্যানগাড়িটির চাকা খুলে গেলে সেটি নিয়ন্ত্রণ হারালে পেছন থেকে ধাক্কা দেয় প্রাইভেট কারটি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2023, 01:39 PM

Updated : 24 Feb 2023, 01:39 PM

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ির সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোভ্যানটিতে থাকা আরও পাঁচ জন। 

শুক্রবার সকাল ৭টার দিকে আমনুরা-নাচোল সড়কের লক্ষীপুর পচাকান্দর-শরিপুকুর ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নাচোল থানার ওসি মিন্টু রহমান। 

নিহত আব্দুল মান্নান (৪৮) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুরের মৃত আকরামের ছেলে। 

আহতরা হলেন সুলেখা খাতুন (৩৬), মরিয়ম খাতুন (১৫), হুমায়ন কবির (৪৫), সালমা খাতুন (১৬) ও ফাতেমা খাতুন (১৬)।তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। 

ওসি মিন্টু রহমান জানান, সকালে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানগাড়িটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে। নাচোল পচাকান্দর শরিপুকুর ব্রীজের দক্ষিণ পাশে এলে গাড়িটির চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় সেটি। 

এ সময় একই দিকে আসা একটি প্রাইভেট কার পিছন থেকে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানে থাকা ছয় জন গুরুতর আহত হয়।  

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন।  

ওসি আরও জানান, এ ঘটনায় আহত পাঁচ জনের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পরে ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।