টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ২১ ডেঙ্গু রোগী শনাক্ত
জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৮১ রোগী।
টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
বুধবার দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৮১ রোগী। সুস্থ হয়েছেন ২১৯ জন।
সিভিল সার্জন বলেন, “নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১১, নাগরপুর উপজেলায় দুই, মির্জাপুর উপজেলায় দুই, মধুপুর উপজেলায় পাঁচ ও গোপালপুর উপজেলায় একজন।”
মিনহাজ উদ্দিন মিয়া আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের ঘরবাড়ি, আশপাশ এবং জমে থাকা পানি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে করে ডেঙ্গু বিস্তার করতে না পারে।”
রাতে কয়েল কিংবা মশারি টাঙ্গিয়ে ঘুমানোর পরামর্শ দেন তিনি।
শহর থেকে গ্রামাঞ্চলে ডেঙ্গু রোগীর বাড়ায় উদ্বেগ প্রকাশ করেন সদর উপজেলার পিচুরিয়া গ্রামের মিনহাজ উদ্দিন মিয়া।
তিনি বলেন, “আগে জানতাম ঢাকায় ডেঙ্গু হয়। বর্তমানে আমাদের গ্রামের কয়েক জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। আমরা সাধারণ মানুষ খুব আতঙ্কিত।”
দেলদুয়ার উপজেলার এলাসিন গ্রামের মো. ইব্রাহিম বলেন, “দিন দিন গ্রামে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। শহর পর্যায়ে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে পৌরসভা বা সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হলেও গ্রাম পর্যায়ে তা করা হচ্ছে না।”
প্রত্যেক ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রাম পর্যায়ে এসব ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর বলেন, “মশক নিধনের প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। এলাকায় এলাকায় সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এ ছাড়া মশা নিধনে ওষুধ ছিটানোসহ স্প্রে করা হচ্ছে।”
এ ছাড়া এডিস মশার লার্ভা খোঁজার জন্য আলাদা টিম গঠন করা হয়েছে বলে জানান মেয়র।
