২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ বিরোধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে ব্যস্ত: কাজী জাফর উল্যাহ

“বর্তমান এমপি গরু-ছাগলের মত আপনাদের মাথা কিনতে চান।”

আওয়ামী লীগ বিরোধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে ব্যস্ত: কাজী জাফর উল্যাহ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় উঠান বৈঠকে বুধবার বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 12:11 AM

Updated : 26 Oct 2023, 12:11 AM

আওয়ামী লীগ বিরোধীরা সরকার ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে ব্যস্ত রয়েছে বলে অভিযোগ করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ।

তিনি বলেছেন, “তারা বিদেশি শক্তির কাছে গিয়ে বাংলাদেশকে ছোট করছে। এটা কোনো মতেই গণতন্ত্র চর্চা হতে পারে না। এখন থেকেই আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে অপশক্তিকে মোকাবেলা করতে হবে।”

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামে আওয়ামী লীগ আয়োজিত এক উঠান বৈঠকে বুধবার এসব কথা বলেন ফরিদপুর-৪ আসনের সাবেক এ সংসদ সদস্য।

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আওয়ামী লীগ নেতা বলেন, “শেখ হাসিনা মাধ্যমিক পর্যন্ত বিনা মূল্যে বই দিচ্ছেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করে দিয়েছেন। রাস্তাঘাট করে দিচ্ছেন। এ রাস্তাঘাট হচ্ছে উন্নয়নের ধারাবাহিকতায়। আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার প্রাথীকে বিজয়ী করতে পারলে এই অঞ্চলের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

“আমার নিজের কোনো চাওয়া-পাওয়া নেই। আগামীতে আমি নির্বাচিত হলে বাবার রেখে যাওয়া শত শত কোটি টাকা দিয়ে ভাঙ্গায় একটি হাসপাতাল করে দেব। এলাকার প্রতিটি পরিবারে যেসব শিক্ষিত ছেলে আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব।

এ সময় কাজী জাফর উল্যাহ স্থানীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরীর উদ্দেশ্য বলেন, “বর্তমান এমপি গরু-ছাগলের মত আপনাদের মাথা কিনতে চান। যারা টাকা দিয়ে মাথা কেনেন, তারা কখনও ভালো কাজ করেন না, আপন লোক হবেন না।

“ভাঙ্গার লোক টাকায় বিক্রি হয় না। তবে কিছু বেইমান, নমরুদ টাকায় বিক্রি হয়। তারা টাকা ছাড়া কিছু বোঝেন না, তারা টাকার রাজনীতি বোঝেন”, যোগ করেন আওয়ামী লীগ নেতা।