২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে পদ্মায় ট্রলারে ডাকাতি

স্পিডবোটে আসা ডাকাতরা যাত্রীদের জিম্মি করে এ ঘটনা ঘটায়।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 05:08 PM

Updated : 15 Oct 2022, 06:31 PM

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে।

উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের নওপাড়া এলাকায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নওপাড়া এলাকার বাসিন্দা শরীয়তপুর সরকারি কলেজের প্রভাষক মাসুদ রানা এবং নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল মুন্সি জানান, এ সময় যাত্রীদের জিম্মি করে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নেয় ডাকাতরা।

শুরেশ্বর নৌ-পুলিশের পুলিশ পরিদর্শক মো. আবু আবদুল্লাহ জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জ জেলার দিঘীরপাড় বাজার থেকে নওপাড়ার উদ্দেশ্যে ট্রলারটি ছেড়ে আসে।

ট্রলারটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওপাড়া এলাকার গুচ্ছ গ্রামের কাছাকাছি এলে স্পিডবোটে আসা ডাকাতরা যাত্রীদের জিম্মি করে ফেলে।

“এ সময় যাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।”

ট্রলারের যাত্রী চরআত্রা গ্রামের বাসিন্দা সালাউদ্দিন মোল্লা বলেন, “নওপাড়া গুচ্ছগ্রামের কাছে আসার পর একটি স্পিডবোটে এসে ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। প্রাণের ভয়ে যার কাছে যা ছিল সব দিয়ে দেই। আমার কাছে ২ হাজার ১০০ টাকা আর একটি মোবাইল ফোন ছিলো। ডাকাতরা সব নিয়ে গেছে।”

ট্রলারের আরেক যাত্রী একই এলাকার মো. আনিস হাওলাদার বলেন, “যাত্রীদের কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা, ৩০টিরও বেশি মোবাইল এবং নারীদের সঙ্গে থাকা স্বর্ণলংকারও ডাকাতরা নিয়ে গেছে।”

এ বিষয়ে নড়িয়া থানার ওসি মো. আবির হোসেন বলেন, ঘটনাটি নৌ-পুলিশ দেখবে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি।

এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শুরেশ্বর নৌ-পুলিশের পুলিশ পরিদর্শক মো. আবদুল্লাহ।