সাভারে ‘মাদক কারবারিদের’ হামলায় পুলিশসহ আহত ৫, গ্রেপ্তার ১১
গ্রেপ্তারদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদক ও বাকিদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা মামলা হয়েছে।
সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় তিন গোয়েন্দা পুলিশসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় ১১ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, আগের রাতে আশুলিয়ার বুড়ি বাজার এলাকায় এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- রিপন চাকমা (৩৫), সুফেন দেব বর্মা (২২), কল্লোল চাকমা (৩৫), কমল চাকমা (৩১), সুইলা মারমা (৩২), ম্যাসামাই মারমা (৪১), পাইজা মারমা (৩৭), মংনুচিং মারমা (৩৩), পুলক চাকমা (২২), আশুতোষ চাকমা (৩০) ও মিক্রা মগ (২৭)।
তারা সবাই আশুলিয়ার বুড়ির বাজারে একটি ভাড়া বাসায় থাকতো।
এর মধ্যে মিক্রা মগকে মাদক মামলায় ও বাকিদের পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে তোলা হয়েছে।
এ ঘটনায় আহত ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের এসআই শাহাদাত হোসেন ও এএস আই সুলতানসহ আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি রিয়াজ উদ্দিন বলেন, গোপন খবরে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় মাদক ব্যবসায়ী মিক্রা মগ ও মিকো চাকমাকে আটক করে পুলিশ। তখন তাদের চিৎকারে আশপাশ থেকে তাদের আরও ১৪/১৫ জন সঙ্গী গিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা করে।
হামলাকারীদের তিনজন মিকো চাকমাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মিকো চাকমা (৩২) ও পুলিশের উপর হামলাকারী জাহিদ (৪৬), গেনু চাকমা (৩৫), দিপন চাকমাও (৩১) পালিয়ে গেছে। তাদেরকেও মামলায় আসামি করা হয়েছে।
এছাড়া মিক্রার বাসা থেকে ৫২০ লিটার চোলাই মদ জব্দের খবরও জানিয়েছেন ওসি।
