চা শ্রমিক আন্দোলন: পঞ্চগড়ের বাগানে প্রভাব নেই যে কারণে
এখানকার চা শ্রমিকরা কাজ করেন কেজি হিসাবের চুক্তিতে। প্রতি কেজি ৩ টাকা দরে তারা পাতা তোলেন। এতে কেউ কেউ দৈনিক এক হাজার টাকাও মজুরি পান।
পাতা তোলার ভরা মৌসুমে সিলেট অঞ্চলের চা শ্রমিকরা যখন আন্দোলনে রাস্তায় রয়েছেন তখন পঞ্চগড়সহ সমতলের শ্রমিকরা পাতা তুলতে ব্যস্ত সময় পার করছেন। উত্তরের বাগানগুলোতে আন্দোলনের কোনো প্রভাব নেই।
সমতলের বাগানের ধরন যেমন আলাদা তেমনি শ্রমিকদের কাজ ও মজুরির ধরনও ভিন্ন। এখানকার চা শ্রমিকরা কাজ করেন কেজি হিসাবের চুক্তিতে। প্রতি কেজি ৩ টাকা দরে তারা চা পাতা তোলেন। যে যেমন পাতা তুলতে পারেন তেমন মজুরি পান। এতে কেউ কেউ দৈনিক ১ হাজার টাকাও মজুরি পান।
সিলেট অঞ্চলের শ্রমিকরা দৈনিক ১২০ টাকা মজুরিতে কাজ করেন। তবে তারা অন্যান্য কিছু সুযোগ-সুবিধা পান। মজুরি বাড়ানোর দাবিতে গত ৯ অগাস্ট থেকে তারা আন্দোলন করছেন।
পঞ্চগড় চা বোর্ডের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক মোহাম্মদ শামীম আল মামুন বলেন, এ অঞ্চলে ক্ষুদ্রায়তনের (২৫ একরের কম জমি) চা বাগানই বেশি; যেগুলোর মোট আয়তন ৭,২৮৪ একর। বড় বাগান রয়েছে ২৯টি, যার মধ্যে রয়েছে তালিকাভুক্ত আটটি ও তালিকার বাইরে ২১টি। বড় বাগানের মোট জমির পরিমাণ প্রায় ২,৪৬৪ একর।
পঞ্চগড়ে কোনো টি এস্টেট নেই বলে জানান শামীম আল মামুন।
তিনি আরও বলেন, সিলেট অঞ্চলের চা শ্রমিকরা বংশ পরম্পরায় চায়ের কাজ করেন। এটা পঞ্চগড়ে নেই। পঞ্চগড়ে শ্রমিকরা কাজ করেন চুক্তিভিত্তিক। সিলেট অঞ্চলের শ্রমিকরা মজুরির বাইরে রেশন ও বাসস্থানসহ নানা সুযোগ সুবিধা পান, পঞ্চগড়ে শ্রমিকরা এমন সুবিধার বাইরে। তারা সুবিধামত চুক্তি অনুযায়ী কাজ করেন। এজন্য অন্য অঞ্চলে ন্যায্য মজুরির দাবিতে নানা কর্মসূচি চললেও এখানে এসব নেই। তারা চুক্তিমতো মজুরি পেয়ে খুশি থাকেন। আন্দোলন নিয়ে তাদের মাথা ঘামাতে হয় না।
চা বোর্ড ও মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, পঞ্চগড়ে প্রায় আট হাজার ছোট-বড় চা বাগান রয়েছে। এখানকার বাগানগুলো বেশিরভাগ ক্ষুদ্রায়তনের (২৫ একরের কম জমি)। কোনোটি আধাবিঘা আবার কোনোটি এক বিঘা; আবার কোনোটি কয়েক একরের। বড় পর্যায়ের বাগান রয়েছে হাতে গোনা কয়েকটি। ধান চাষাবাদের মতোই এখানে চা বাগান করেছেন স্থানীয়রা। লাভজনক হওয়ায় দিনদিন চায়ের আবাদ বৃদ্ধি পাচ্ছে।
এখানে বাগানগুলোতে ২৫ থেকে ৩০ হাজার শ্রমিক কাজ করেন। পঞ্চগড়কে অনুসরণ করে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাট জেলায়ও চা চাষ হচ্ছে।
সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের চা শ্রমিক আনোয়ার হোসেন (৩৮) ও জগদল এলাকার রফিকুল ইসলাম (৪৫) জানান, প্রতিদিন সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত কাজ করে তারা ২০০ থেকে ২৫০ কেজি পর্যন্ত চা পাতা তোলেন। এ হিসাবে তারা ৮০০ টাকা পর্যন্ত মজুরি পান। মজুরি নিয়ে বাগান মালিকরা কোনো ফন্দি-ফিকির করেন না।
তাদের ভাষ্য, মজুরি নিয়ে বিরুপ আচরণ করলে অন্য শ্রমিকরা কাজে না আসার আশঙ্কা থাকে। এ কারণে এ বিষয়ে চা বাগান মালিক বা তাদের প্রতিনিধিরা সতর্ক থাকেন। এতে আজ পর্যন্ত শ্রমিকদের সঙ্গে কোনো বিরোধ সৃষ্টি হয়নি। চা পাতা তোলার কাজ না করলে তারা পাথর, বালি তোলার বা সুবিধামত অন্য কাজ করেন।
শ্রমিক ফেন্সি আক্তার (৩৫) বলেন, “চা পাতা তুলে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয়। চা পাতা তুলে বাকি সময় সংসারের কাজ করি। আয় করা অর্থে ছেলেমেয়ের লেখা পড়ার কাজে খরচের পাশাপাশি স্বামীকেও দেই। এতে তিনিও বেশ খুশি হন। চা পাতার কাজ করেই সংসারে ভালোমত দুবেলা ডালভাত খেতে পারছি।”
সকিনা ও নাসরিন বলেন, আগে বাড়িতে বসে অলস সময় কাটালেও এখন সেই সময় নাই। চা পাতা তোলার কাজের পর তাড়াহুড়ো করে সংসারের কাজে নামতে হয়। চা পাতা তোলার কাজ তাদের বাড়তি আয়ের সুযোগ যেমন দিয়েছে তেমনি সময়কে কাজে লাগানোরও উপায় এনে দিয়েছে।
চা পাতার বাগান হওয়াতে পাতা তুলে টাকা রোজগার করতে পারায় তারা বেশ খুশি বলে জানান।
মুক্তা বেগম নামে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার নারী শ্রমিক বলেন, “চা পাতার বাগান হওয়াতে আমরাও পাতা তুলে টাকা রোজগার করতে পারছি। দৈনিক ৩০০ থেকে ৫০০ টাকা আয় হয় আমাদের।”
প্রায় ২৫ একর জমির চা বাগান মালিক আব্দুল জব্বার বলেন, পঞ্চগড়ে নারী ও পুরুষ শ্রমিকরা কাস্তে দিয়ে পাতা কাটেন। এতে অল্প সময়ে তারা অধিক পাতা তুলতে পারেন ও মজুরিও পান প্রত্যাশা মত। এজন্য মজুরি নিয়ে তাদের মাথাব্যথা নেই। একই কারণে শ্রমিক পেতেও সমস্যা হয় না।
বাগান মালিক সাদ্দাম হোসেন বলেন, পঞ্চগড়ের শ্রমিকরা কাজ করেন বাড়িতে থেকে। একটু আধটু প্রয়োজনে তারা বাড়ি যেতে পারেন, কাজ শেষে কিছুক্ষণের মধ্যে ফিরে এসে কাজে যোগ দেন। কাজ শেষে প্রতিদিন তারা পরের দিন একটু বেশি পাতা তোলার টার্গেট করেন। বাড়ির প্রায় কাছাকাছি কাজ করায় কোনো সময় তাদের ছেলেমেয়েরাও এসে পাতা তোলায় সাহায্য করে। এতে তারা একটু হলেও বেশি মজুরি পান।
“প্রায় বাড়িতে থেকে কাজ ও আয়ের সুযোগ তারা কি জন্য নষ্ট করবে – এজন্য তারা কোন কর্মসূচিতে নেই।”
বাগান মালিক কামরুজ্জামান শেখ মিলন বলেন, এ অঞ্চলে চা শ্রমিকরা আন্দোলনে থাকার কোনো কারণই নেই। তার মতে চুক্তি অনুযায়ী তারা যে কাজ করেন সে হিসাবেই মজুরি পান। তবে এ অঞ্চলে শ্রমিকদের কাজের জায়গায় বাসস্থান না থাকলেও তারা নিজেদের বাড়ি থেকেই কাজ করেন। নগদ মজুরি সহজেই পাওয়ায় শ্রমিক পেতেও সমস্যা হয় না।
পঞ্চগড় চা বোর্ডের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আল মামুন আরও বলেন, পঞ্চগড় ও পার্শ্ববর্তী ৫ জেলায় ১০ হাজার ২০০ একর জমিতে চা চাষ হচ্ছে। গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত এ অঞ্চলে রেকর্ড সাত কোটি ৩৫ লাখ ৬৮ হাজার কেজি সবুজ চা পাতা থেকে এক কোটি ৪৫ লাখ ৪০ হাজার কেজি চা উৎপাদন হয়েছে।
পঞ্চগড়ে বেসরকারি চা প্রক্রিয়াকরণ কারখানা আছে ২২টি। সরকারিভাবে কোনো চা প্রক্রিয়াকরণ কারখানা নেই।
তেঁতুলিয়ার গ্রিন কেয়ার টি ফ্যাক্টরির ব্যবস্থাপক মন্জুরুল ইসলাম মঞ্জু বলেন, কারখানাগুলোতে বেশিরভাগ জনবল স্থায়ীভাবে নিয়োগপত্র পেয়ে কাজ করেন। তবে শর্ত মেনে তারা নির্দিষ্ট সময় পর্যন্ত কর্মরত থাকতে পারেন। কিছু কাজে চুক্তিভিত্তিতে লোকবলও (শ্রমিক) আছে।
পঞ্চগড়ে চালু থাকা ২২টি কারখানায় এমন শ্রমিক আছে প্রায় এক হাজার।
তারা ৪০ থেকে ৪৫ টাকা ঘণ্টা ভিত্তিতে কাজ করেন। এটা নির্ভর করে তাদের অভিজ্ঞতার ওপর। এতে তারা প্রতিদিন ৩ থেকে ৪ শত টাকা আয় করতে পারেন। তবে কারখানায় ব্যবস্থাপকসহ সমপর্যায়ে কর্মকর্তরা দক্ষতাসহ অভিজ্ঞতার বিনিময়ে মাসে ২০ থেকে ৩০ হাজার বা তারও বেশি টাকা বেতন পেয়ে থাকেন।
এসব নির্ভর করে কারখানার সক্ষমতাসহ পারিপার্শ্বিক নানা বিষয়ের ওপর।
আরও পড়ুন:
