২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ ২ ছাত্রের মরদেহ উদ্ধার

জয়পুরহাটের সদর উপজেলার ছোট যমুনা নদীতে গত বছরের কালী প্রতিমা বিসর্জন দিতে গিয়েছিলেন তারা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 12:50 PM

Updated : 20 Oct 2022, 12:50 PM

জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকার ছোট যমুনা নদীতে কালী প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম। 

Image

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকের শিক্ষার্থী সনজিত

নিহতরা হলেন, জয়পুরহাট পৌর শহরের ১ নম্বর স্টেশন রোড এলাকার বিশ্বজিতের ছেলে সনজিত (২৬) ও ২ নম্বর স্টেশন রোডের বলাকা লন্ড্রির স্বত্তাধিকারী পরেশের ছেলে তন্ময় (১৬)। 

সনজিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকের এবং তন্ময় জেলা শহরের কাশিয়াবাড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।  

ওসি সিরাজুল ইসলাম জানান, জয়পুরহাট শহরের রেলস্টেশন এলাকার মন্দিরে গত বছরের কালী দেবীর প্রতিমা রাখা ছিল। আসন্ন কালী পূজার জন্য বুধবার বিকেলে সেই প্রতিমা ছোট যমুনা নদীতে বিসর্জন দিতে যান কয়েকজন। প্রতিমা বিসর্জন শেষে অন্যরা নদীর তীরে আসলেও সনজিত ও তন্ময় নদীতে তলিয়ে যান। 

Image

কাশিয়াবাড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তন্ময়

জয়পুরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক শওকত আলী জোয়ার্দার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা শুরু করে। এক পর্যায়ে উদ্ধার কার্যক্রমে যোগ দেন রাজশাহী থেকে আসা ডুবুরিরাও। 

এ অভিযানে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।