২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ পণ্য পরিবহন: ফেনীতে ৭ বছর পর পিকআপ চালকের জেল-জরিমানা

২০১৬ সালের ২৪ মার্চ মধ্যরাতে বিজিবি সদস্যরা ফেনীর ছাগলনাইয়া উপজেলার মজুমদার জামে মসজিদের সামনে সন্দেহভাজন একটি পিকআপে তল্লাশি চালিয়ে তাকে আটক করে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2023, 07:54 PM

Updated : 21 Aug 2023, 09:09 PM

ফেনীতে ভারত থেকে অবৈধভাবে পণ্য আনায় এক পিকআপ চালকের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার ফেনীর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউছুফ এ রায় দেন বলে জানান এপিপি দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক।

দণ্ডপাওয়া আসামির নাম মো. মিঠুন আহম্মদ ওরফে মিঠু (২৯)। তিনি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার পরাগলপুর গ্রামের বাসিন্দা।

পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এপিপি জানান, রায় ঘোষণার সময় আসামি মো. মিঠুন আহম্মদ ওরফে মিঠু আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার ও আদালতের রায়ের বরাত দিয়ে এপিপি দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক জানান, ২০১৬ সালের ২৪ মার্চ মধ্যরাতে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা ফেনীর ছাগলনাইয়া উপজেলার মোকামিয়া এলাকার মজুমদার জামে মসজিদের সামনে সন্দেহভাজন একটি পিকআপে তল্লাশি চালায়। এসময় ভ্যানটিতে অবৈধভাবে ভারত থেকে আনা ৮ হাজার পিস ভারতীয় মুরগির বাচ্চা এবং বেশ কিছু ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়।

এ সময় পিকআপ চালক মো. মিঠুন আহম্মদ ওরফে মিঠুকেও আটক করে বিজিবি।

পরদিন ২৫ মার্চ বিজিবির হাবিলদার মোহাম্মদ মিজানুর রহমান বাদি হয়ে ছাগলনাইয়া থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে একই বছরের ১৭ অগাস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।এ মামলায় গ্রেপ্তার দেখানো হলেও পরে জামিনে মুক্ত হন মো. মিঠুন আহম্মদ।

গত ১৬ অগাস্ট সবশেষ যুক্তিতর্কের দিন আসামি আদালতে হাজির হলে তাকে জেল হাজতে পাঠানো হয়।

মামলার দীর্ঘ বিচারকালে আদালত সাতজনের সাক্ষ্য নিয়েছেন জানিয়ে এপিপি বলেন, “আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাকে সাজা দেওয়া হয়েছে।”