ফরিদপুরে পেঁয়াজের বাজারে ভোক্তা অধিদপ্তর, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
পেঁয়াজের দামে কারসাজি, ক্রয়-বিক্রয় রশিদে মূল্য না থাকা, মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার জরিমানা করা হয়।
ফরিদপুর সদরে পেঁয়াজের আড়তে বিভিন্ন অনিয়ম পাওয়ায় দুই ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হাজী শরীয়াতুল্লাহ বাজারে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
দণ্ড পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- একতা বাণিজ্য ভাণ্ডার ও বিসমিল্লাহ্ ভাণ্ডর।
ভোক্তা অধিদপ্তরের সোহেল বলেন, শহরের আড়তগুলোতে হঠাৎ পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। দাম নিয়ন্ত্রণে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত আড়তে অভিযান পরিচালনা করা হয়।
পেঁয়াজের দামে কারসাজি, ক্রয়-বিক্রয় রশিদে মূল্য না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার দুই প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।
