২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

উক্যাসিং মারমার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

রাঙামাটিতে যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করে জেলা যুবলীগ।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 02:50 PM

Updated : 30 Aug 2022, 02:50 PM

কাপ্তাই উপজেলায় এক নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে রাঙামাটির জেলা যুবলীগ।

মঙ্গলবার সকালে শহরের পৌরসভা থেকে মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে ফটকের সামনে শেষ হয় এবং পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি উক্যাসিং মারমার ওপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ করা হয়।

প্রতিবাদ সভায় জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, পৌর যুবলীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক তানভির আহম্মেদ বক্তব্য দেন।

বক্তারা বলেন, উক্যাসিং মারমাকে হত্যার উদ্দেশ্যে আঞ্চলিক দলের সন্ত্রাসীরা হামলা করে। তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এভাবে হামলা করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না।

হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

তারা আরও বলেন, আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক সংগঠন। পাহাড়ের স্থায়ী শান্তির জন্য চুক্তি করেছে। কিন্তু দলকে ধ্বংস করতে একটি আঞ্চলিক দল উঠেপড়ে লেগেছে। পার্বত্য অঞ্চলে পাহাড়িরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হলে আঞ্চলিক সন্ত্রাসীদের হামলার শিকার হতে হয়।

বক্তারা বলেন, শুধু আঞ্চলিক দলই নয়, পাহাড়ে-রাজপথে বিএনপি-জামায়াতকেও মোকাবিলা করতে হচ্ছে। দেশে আবার অস্থিরতা তৈরি করতে বিভিন্ন সংগঠন মাঠে নেমেছে।

সমাবেশ থেকে বক্তারা নেতাকর্মীদের সর্তক থাকতে বলেন এবং তাদের রাজপথে থেকে মোকাবিলারও আহ্বান জানান।