জয়পুরহাটে বিদ্যুতের মিটার-ট্রান্সফরমার চুরি: গ্রেপ্তার ৭
চক্রটি সেচ পাম্পের মিটার ও ট্রান্সফরমার চুরির পর গ্রাহকদের জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল বলে জানায় পুলিশ।
জয়পুরহাটের বিভিন্ন এলাকার সেচ পাম্পে সংযুক্ত বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমার চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের তথ্য জানান এসপি মোহাম্মদ নূরে আলম।
তিনি জানান, শনিবার ভোরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে একজন ও গত সপ্তাহে বিভিন্ন এলাকা থেকে বিদ্যুতের মিটার, ট্রান্সফরমার কয়েলের তামার তারসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, জয়পুরহাটের কালাই উপজেলার বিনইল গ্রামের ছাইদুর রহমান (৪৫), একই উপজেলার বেগুনগ্রামের আব্দুল জলিল (৩৫), ক্ষেতলাল উপজেলার বাখেড়া গ্রামের শাহ আলম (২৫), সদর উপজেলার কয়তাহার মোন্নাপাড়া গ্রামের ফারুক হোসেন (২৬), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুঁইগাড়ী গ্রামের আব্দুল বারিক (৪০) ও বগুড়ার শিবগগঞ্জ উপজেলার বিহার সোনারপাড়া গ্রামের মো. মোত্তালেব (২৩)।
এসপি জানান, এরা দীর্ঘ দিন ধরে জয়পুরহাটসহ পাশের জেলার বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের বাণিজ্যিক সেচ পাম্পের মিটার ও ট্রান্সফরমার চুরির পর গ্রাহকদের জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল।
অভিযানে চুরির কাজে ব্যবহৃত নয়টি নাইলনের রশি, দুটি হেক্সা ব্লেড, তিনটি লোহার রড, একটি শাবল জব্দ করা হয় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফারজানা হোসেন, জয়পুরহাট সদর থানার পরিদর্শক আলমগীর জাহান, ডিবির পরিদর্শক শাহেদ আল মামুন ছিলেন।
