গাজীপুরে ‘পারিবারিক বিরোধের জেরে’ দগ্ধ নানি-নাতনি
চিকিৎসক জানিয়েছেন, “দগ্ধ দু্জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীর ৬০ শতাংশ পুড়ে গেছে।”
গাজীপুর সদর উপজেলায় ‘পারিবারিক বিরোধের জেরে’ স্কুলছাত্রী ও তার নানিকে দগ্ধ করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বাঘের বাজার শিরিরচালা মিনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত হন শিরিরচালা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সানজিদা আক্তার (১৩) এবং তার নানি ঝালকাঠির নলছিটি উপজেলার কাণ্ডপাশা গ্রামের ইউনুস তালুকদারের স্ত্রী বেবী বেগম (৫৫)।
সানজিদা হাজী নুরুল ইসলাম মডেল একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
তাদের উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, “দগ্ধ দু্জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীর ৬০ শতাংশ পুড়ে গেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”
তবে এ ব্যাপারে এখনও মামলা হয়নি বলে জানান জয়দেবপুর থানার ওসি মো. মাহতাব উদ্দিন। তিনি বলেন, “অভিযোগ পেলে ব্যবস্থা নেব আমরা। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ তৎপরতা শুরু করেছে।”
আহতদের স্বজনরা জানান, সানজিদার মা মারা যাওয়ার পর শফিকুল ইসলাম মোসা. মনিরা বেগমকে বিয়ে করেন। মনিরা বেগমের এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্বামীর বাড়ি নরসিংদী। মনিরার প্রথম ঘরে শুভ মিয়া নামে এক ছেলে রয়েছে।
শুভ মিয়া কিছুদিন আগে একটি মেয়েকে শফিকুলের বাড়িতে নিয়ে আসেন। এটি জানতে পেরে শুভকে বাড়ি থেকে বের করে দেন শফিকুল। এ নিয়ে পারিবারিক বিরোধ দেখা দেয়। একপর্যায়ে মনিরা বেগমও বাড়ি থেকে চলে যান। এর ১০-১২ দিন পর মনিরা বেগম তালাকনামা পাঠিয়ে দেন।
এরপর শফিকুল সন্তানদের দেখাশুনার জন্য প্রথম পক্ষের শাশুড়ি অর্থাৎ সানজিদার নানি বেবী বেগমকে বাড়িতে নিয়ে আসেন।
রোববার দুপুরে বেবী বেগম নাতনি সানজিদাকে নিয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেল থেকে দুই যুবক তাদের লক্ষ্য করে পেট্রলবোমা সদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে দুজনই দগ্ধ হয়।
শফিকুল ও তার পরিবারের অভিযোগ, শুভ মিয়া (২০) ও তার সঙ্গী ময়মনসিংহের ভালুকার সাব্বির (২৬) এ ঘটনা ঘটিয়েছেন। শুভর বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার অর্জনচর গ্রামে।
