২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে হাতে হাতকড়া, পা-গলায় রশি বাঁধা লাশ উদ্ধার

শার্ট ও পান্ট পড়া যুবকের লাশটি বিলের মধ্যে উপুড় হয়ে পড়েছিল।

নাটোরে হাতে হাতকড়া, পা-গলায় রশি বাঁধা লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2023, 06:24 PM

Updated : 10 Jan 2023, 06:24 PM

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কৃষি জমি থেকে হাতে হাতকড়া এবং পা-গলায় রশি বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মাঝগাঁও উচ্চ বিদ্যালয়ের পূর্ব দিকের বিলে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক।

মাঝগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, “জমির মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী আমাকে জানালে আমি থানায় খবর দেই।

“নিহত যুবকের বয়স ৩৫ থেকে ৩৬ বছর হবে। শার্ট ও পান্ট পড়া যুবকের লাশটি বিলের মধ্যে উপুড় হয়ে পড়েছিল। দুই হাত কোমরের পেছনে হান্ডকাফ লাগানো ছিল। গলা ও দুই পা রশি দিয়ে বাঁধা ছিল লাশটির।”

ওসি আবু সিদ্দিক বলেন, “পুলিশ এখনও পরিচয় জানতে পারেনি। এ বিষয়ে যথাযথ আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। মৃতদেহটি নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, “নিহত ব্যক্তির মৃত্যুর প্রাথমিক কারণ ও পরিচয় শনাক্তে রাজশাহীর সিআইডির টিম, ডিবি, পিবিআই ও বড়াইগ্রাম পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

“প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।“