নেত্রকোণায় বিস্ফোরক মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে তারা আত্মসমর্পণ করেছিলেন।
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বিস্ফোরক দ্রব্য ব্যবহার, মোটরসাইকেলে অগ্নিসংযোগ, মারধর ও চুরির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার নেত্রকোণা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম রাজিবুল হাসান শুনানি শেষে এ আদেশ দেন বলে পূর্বধলা থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান।
২৬ মে পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়ন যুবদলের নেতা ওমর ফারুক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় মামলাটি করেন।
মামলার বরাতে পুলিশ জানায়, গত জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাছুম মোস্তফা বিজয়ী হওয়ার পর থেকেই আসামিরা বাদীকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। এরই একপর্যায়ে তারা স্থানীয় আগিয়া বাজারে মাছুম মোস্তফাকে মারধর করেন এবং তার ব্যবহৃত টিবিএস মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন।
ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, আসামিরা হাই কোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিনে ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার তারা বিচারিক আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের প্রার্থনা করেন। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিদের মধ্যে পূর্বধলা উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদীনও রয়েছেন।
