বাংলাদেশের বিপদে পাশে আছে ভারত: আসামের স্পিকার
স্পিকারের নেতৃত্বে আসাম রাজ্য সরকারের ৬২ সদস্যের একটি প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছে।
বাংলাদেশের যেকোনো বিপদে ভারত পাশে থাকবে বলে জানিয়েছেন আসাম রাজ্য বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারী।
শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে তিনি সাংবাদিকদের বলেন, মহান মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশে ছিল, এখনও যেকোনো বিপদে বাংলাদেশের পাশে থাকবে।
স্পিকার বিশ্বজিৎ দৈমারির নেতৃত্বে আসাম রাজ্য সরকারের ৬২ সদস্যের একটি প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছে।
দলটি আখাউড়া চেকপোস্টে এলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক প্রণয় চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা স্বাগত জানান।
মহাভারতে আসাম ও বাংলাদেশ এক ছিল উল্লেখ করে বিশ্বজিৎ দৈমারী বলেন, তারা এখানকার সংসদীয় প্রক্রিয়া ও ব্যবস্থা কেমন তা জানতে এসেছেন। সংসদ সদস্যরা মানুষের সমস্যাগুলো কীভাবে সংসদে উপস্থাপন করে সমাধানের ব্যবস্থা করেন সেটি তারা জানতে চান।
সফরের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে উল্লেখ করে স্পিকার আরও বলেন, আগে আসামে মানুষের জীবিকা ছিল কৃষি। এখন ব্যবসাটাই মূল। যুবকরা পড়াশোনা শেষ করে ব্যবসার কথা চিন্তা করে। এই সফরের বাণিজ্যিক সুফল পাবে আসামের যুব সমাজ।
সফরকালে প্রতিনিধি দলটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ. হ. ম. মোস্তফা কামালের সঙ্গে দুই দেশের বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন।
