১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আখাউড়ায় ট্রেনে অগ্নিসংযোগ, আটক ২

পরে ট্রেনটি পরীক্ষা করে দেখা যায়, দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 10:06 AM

Updated : 11 Nov 2026, 10:06 AM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের ভেতরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে।

তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে রেলওয়ের সম্পদ।

মঙ্গলবার রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটারের ট্রেনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্টেশন সুপারিরেনটেন্ড মো. নুরুন্নবী।

তিনি বলেন, রাতে স্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে ঢাকাগামী ট্রেনটির শান্টিংয়ের (বগি পুনর্বিন্যাস) কাজ চলছিল। এ সময় দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান।

মুহূর্তের মধ্যে তিনি রেলওয়ে কন্ট্রোল অফিস ও আখাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে ট্রেনটি পরীক্ষা করে দেখা যায়, দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। এতে বেশ কয়েকটি আসন পুড়ে যায়।

স্টেশন সুপারিরেনটেন্ড আরও বলেন, ক্ষতিগ্রস্থ বগি কেটে রাখা হয়েছে। ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে আখাউড়া ছেড়ে যায়।

এদিকে ঘটনার পরপরই আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি), স্টেশন সুপারিনটেনডেন্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিআইসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় জিআরপি ও আরএনবির তাৎক্ষণিক অভিযানে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয় বলে জানান আরএনবির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম।

আখাউড়া রেলওয়ে ফাঁড়ি থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, সন্দেহভাজন হিসেবে দুই তরুণকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।