এসএসসি: গভীর রাতে প্রবেশপত্র পৌঁছাল ১৫ পরীক্ষার্থীর বাড়ি
তাদের প্রবেশপত্র শনিবার রাত সাড়ে ১১টার দিকে ডাউনলোড করা সম্ভব হয়েছে; রোববার তারা যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
গভীর রাতে প্রবেশপত্র পাওয়ার পর নীলফামারীর ১৫ এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পেরেছেন।
রোববার সারা দেশে এসএসসি ও সসমানের পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় শনিবার রাত পর্যন্ত ওই শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন।
পরে প্রবেশপত্র হাতে পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ গভীর রাত পর্যন্ত ওই শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তা দিয়ে আসে।
নীলফামারী জেলা সদরের টুপামারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা প্রবেশপত্র না পেয়ে শনিবার গভীর রাত পর্যন্ত বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে রাখের। পরে রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্রে হাজির হয়ে পরীক্ষায় অংশ নেন। সকাল ১১টার দিকে ওই কেন্দ্রে গিয়ে তাদের পরীক্ষা দিতে দেখা যায়।
কেন্দ্র সচিব ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেসবাহুল হক বলেন, “ওই বাচ্চাদের প্রবেশপত্র শনিবার রাত সাড়ে ১১টার দিকে ডানলোড করা সম্ভব হয়েছে। তারা আজ প্রত্যেকে যথাসময়ে কেন্দ্রে এসে পরীক্ষায় অংশগ্রহণ করছে।”
টুপামারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুর রহমান বলেন, তার বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। তাদের মধ্যে ২২ জনের সমস্যা হয়েছিল। ওই ২২জনের মধ্যে ৭ জনের বিষয়ভিত্তিক সমস্যা হয়।
“সেটি সংশোধনের পর আরও ১৫ জনের রেজিস্ট্রেশনজনিত সমস্যা দেখা দেয়। গত শনিবার পর্যন্ত ওই সমস্যা সমাধান করা সম্ভব হয়। কিন্তু সার্ভার সমস্যার কারণে প্রবেশপত্র ডানলোড করা যাচ্ছিল না। অবশেষে শনিবার রাত ১২টার দিকে প্রবেশপত্র ডানলোড করা সম্ভব হয়। রাত ২টা পর্যন্ত পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে প্রবেশপত্র পৌঁছে দেওয়া হয়।”
রোববার সকলে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং এখন আর কোনো সমস্যা নেই বল তিনি জানান।
এ বিষয়ে রোববার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার বলেন, “তাদের সমস্যা সমাধান হয়ে গেছে। তারা প্রত্যেকে পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এখন আর কোনো সমস্যা নেই।”
