শরীয়তপুরে ঝড়ে গাছচাপা পড়ে নারীর মৃত্যু
পুলিশ জানায়, ঝড়ের সময় তিনি ঘরেই ছিলেন; এ সময় গাছ ভেঙে ঘরে পড়লে চাপা পড়ে মৃত্যু হয় তার।
ঘূর্ণিঝড় সিত্রাং এর তাণ্ডবের মধ্যে শরীয়তপুরের জাজিরা উপজেলায় গাছ চাপা পড়ে এক গৃহবধূর প্রাণ গেছে।
জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার সকালে উপজেলার কুণ্ডেরচর ইউনিয়ন পরিষদের সিদারচর এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ৫৫ বছর বয়সী সাফিয়া বেগম ওই এলাকার হালান মুসল্লির স্ত্রী।
ওসি বলেন, সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাং এর তাণ্ডব শুরু হলে সাফিয়া ঘরের ভেতরেই ছিলেন। এ সময় গাছ ভেঙে তার ঘরের উপর পড়লে চাপা পড়ে মৃত্যু হয় তার।
খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
