কুষ্টিয়ায় হামলায় আওয়ামী লীগ নেতা নিহত
নিহত ইনতাজ আলী ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
কুষ্টিয়ার ভেড়ামারায় এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইনতাজ আলীর মৃত্যু হয়।
ইনতাজ আলী (৪৭) ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং মহিষাডোরা এলাকার প্রয়াত সুন্নত শেখের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ইনতাজ আলী স্থানীয় মহিষাডোরা বাজারে বসে অন্যদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় স্থানীয় প্রতিপক্ষের ২০/২৫ জনের এক দল ইনতাজ আলীর উপর হামলা চালায়।
ভেড়ামারা থানার ওসি গোলাম মোস্তফা জানান, হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হন ইনতাজ আলী। এলাকাবাসী তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। রোববার রাতে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলার ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম লালুর অভিযোগ, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইনতাজ আলীকে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যা করেছে বর্তমান চেয়ারম্যানের ভাইয়ের সমর্থক সন্ত্রাসী বাহিনী।
“ইনতাজ আলী গত ইউপি নির্বাচনে নৌকার পক্ষে ভোট করায় প্রতিপক্ষের লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।”
তবে ইউপি চেয়ারম্যান মো. সামছুল হক অভিযোগ নাকচ করে বলেন, “আমার ভাই আজিজের সমর্থকরা ওখানে গিয়ে হামলা বা মারধর করেনি। যারা মেরেছে তাদের সাথে স্থানীয় আধিপত্য নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল। তার জের ধরে ইনতাজ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।”
ভেড়ামারা থানার ওসি গোলাম মোস্তফা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি স্থানীয় আধিপত্য ও জমি-জমা দখলকে কেন্দ্র করে পূর্ব থেকেই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। তার জেরে ইনতাজ আলীর উপর হামলা ও হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।”
ওসি জানান, এ ঘটনায় ২৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় হত্যা মামলা রেকর্ড হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
