১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শেরপুরে গারো কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঘটনার পর একটি প্রভাবশালী মহল ওই শিক্ষার্থীকে নানাভাবে হুমকি ধামকি প্রদান করছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

শেরপুরে গারো কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শাহরিয়ার খান শাওন

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2023, 11:59 AM

Updated : 25 Apr 2023, 12:31 PM

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গারো কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগীর করা মামলায় সোমবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান।

গ্রেপ্তার শাহরিয়ার খান শাওন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

শেরপুরের কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী জানান, শনিবার ঈদের দিন রাতে শাওন তাদের বাড়িতে যান এবং তার বাবা-মার সঙ্গে ঘরে বসে পান খেতে চায়।

সে সময় বাড়ির উঠানে ছিলেন জানিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “কিছুক্ষণ পর শাওন ঘর থেকে বের হয়ে উঠানে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে এবং আমার মুখ চেপে ধরে পাহাড়ের ভিতর নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার শরীরের কাপড় ধরে টানাটানি করে। এক পর্যায়ে আমার ডাকে বাবা-মা ঘর থেকে বের হয়ে উঠানে আসলে আমি তার কবল থেকে রক্ষা পাই।”

পরে এই ঘটনা নিয়ে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের কাছে অভিযোগ এবং পারিবারিক সিদ্ধান্তে সোমবার থানায় অভিযোগ করেন বলে জানান ওই কলেজ ছাত্রী।

 

এদিকে ঘটনার পর একটি প্রভাবশালী মহল ওই শিক্ষার্থীকে নানাভাবে হুমকি ধামকি প্রদান করছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। ফলে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তারা ।

পরে অসহায় এই পরিবারটি নিরাপত্তাজনিত কারণে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি আদিবাসী নেত্রী রবেতা ম্রং এর বাড়িতে আশ্রয় নেয়।

স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দিতে নানা ধরনের পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করে পুলিশ সুপার ও স্থানীয় সংসদ সদস্যকে বিষয়টি অবহিত করেছেন বলে জানান রবেতা ম্রং।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করে রবেতা ম্রং বলেন, “মেয়েটি সাহসী বলে আজ বেঁচে গেছে এবং প্রতিবাদ করেছে।”

ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী প্রাচীন সংগঠন। এই ধরনের কর্মকাণ্ড দলের জন্য এবং সমাজের জন্য কলঙ্কের। আমরা কোনো অনিয়মকে প্রশ্রয় দেই না। ধর্ষণের চেষ্টার মতো অভিযোগ ছোট করে দেখার সুযোগ নেই। এত বড় অপরাধের অবশ্যই তদন্তপূর্বক বিচার হওয়া দরকার।”

তবে শাওনের বাবা শাজাহান খান বলেন, “ঘটনাটি সত্য নয়। আমার ছেলেকে ফাঁসানো হয়েছে।”

অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান বলেন, “গ্রেপ্তারের পর ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন বর্তমানে পুলিশের হেফাজতে আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।”