টাঙ্গাইলে ধইঞ্চাক্ষেতে মিলল মাদরাসাছাত্রের লাশ
তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ধইঞ্চাক্ষেত থেকে এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক প্রতিবেশীকে আটক করা হয়েছে বলে মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানিয়েছেন।
নিহত সিফাত মিয়া (১৩) উপজেলার গোড়াইল দক্ষিণ পাড়ার শহিদ মিয়ার ছেলে। সদর উপজেলার আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল সে।
সোমবার রাতে পৌরসভার ত্রিমোহন মাঝিপাড়া এলাকার ধনচাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি স্বজনদের বরাতে জানান, সোমবার বিকেলে সিফাত একই গ্রামের বাসিন্দা তার বন্ধু নুরুল আমিনকে নিয়ে মির্জাপুর রেলক্রসিং এলাকায় চটপটি খাচ্ছিল। এ সময় দুটি ছেলে এসে কানে কানে কথা বলে সিফাতকে ডেকে নিয়ে যায়। সন্ধ্যা হলেও সিফাত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি করেন। রাত ১২টার দিকে তারা ধইঞ্চাক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
“সিফাতকে তার পরনের বেল্ট খুলে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া তার মুখে আঘাতের চিহ্ন ও পায়ুপথে একটি ধনচা ঢুকানো হয়েছে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
সোমবার রাতেই সিফাতের বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ওসি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি খুনি শনাক্ত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
