রাজবাড়ীতে পুকুরে মণ্ডপ, থাকবে তিন শতাধিক প্রতিমা
এই পূজা দেখতে দেশ-বিদেশের পাঁচ লাখের বেশি দর্শণার্থীর আগমন ঘটবে বলে জানান আলোকদিয়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি।
কোভিডের কারণে প্রায় তিন বছর বন্ধ থাকার পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ব্যতিক্রমী আলোকদিয়া সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আবার দুর্গা পূজার আয়োজন করা হয়েছে।
এবার পুকুরের ওপর বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে ১৪০০ ফুট দীর্ঘ মণ্ডপ। এখানে তিন শতাধিক প্রতিমার মাধ্যমে সনাতন ধর্মের পৌরাণিক বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হবে। ব্যতিক্রমী এই পূজা দেখতে দেশ ও দেশের বাইরে থেকে পাঁচ লাখের বেশি দর্শণার্থীর আগমন ঘটবে বলে জানান পূজা কমিটির সভাপতি বিধান ভট্টাচার্য।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের শ্রীশ্রী দুর্গা মন্দিরের পাশে একটি পুকুরের মধ্যে বাঁশ, কাঠ, দড়ি ও লোহা দিয়ে বিশাল আকৃতির মণ্ডপ তৈরি করা হচ্ছে।
মণ্ডপটি তৈরি করতে ২০ থেকে ৩০ জন শ্রমিক ব্যস্ত সময় পার করছেন। কেউ গেইটের আবার কেউ ডেকোরেশনের কাজ করছেন। চারদিকে হাতুড়ি পেটানোর শব্দ।
অন্যদিকে প্রতিমা তৈরির কারিগরদের যেন দম ফেলানোর সময় নেই। এর মধ্যেই কারিগররা তিন শতাধিক প্রতিমাসহ ২৩ হাত উচ্চতার শিব ঠাকুরের মূর্তি তৈরির কাজ শেষ করেছেন। এখন কিছু প্রতিমার রঙের কাজও শুরু দিয়েছেন তারা।
শাহিদুল শেখ নামে একজন শ্রমিক বলেন, “১০ হাজার বাঁশ, পাঁচ হাজার সেফটি কাঠ ও কয়েক মণ লোহার পেরেক দিয়ে পুকুরের ওপরে বানানো হচ্ছে ১৪০০ ফুট দীর্ঘ মণ্ডপ। এ ছাড়া তৈরি করা হচ্ছে মেট্রোরেলের কাঠামো।
“আমরা ৬০-৭০ জন শ্রমিক গত পাঁচ মাস ধরে কাজ করছি। এখন পর্যন্ত ৮০ ভাগ কাজ শেষ করা হয়েছে। আশা করছি, পূজার আগেই বাকি কাজ শেষ হয়ে যাবে।”
আরেক শ্রমিক বিপ্লব কুমার সরকার বলেন, “পুকুরের উপর মণ্ডপের মূল কাজ শেষ হয়ে গেছে। এখন সাজ-সজ্জার কাজ শুরু করেছি। এই মণ্ডপের বিশেষ আকর্ষণের মধ্যে থাকছে মেট্রোরেলের কাঠামো। পূজার দুইদিন আগেই আমরা কাজ শেষ করতে পারব।”
প্রতিমা তৈরির কারিগর সনজিৎ কুমার পাল বলেন, “চার মাস ধরে আমরা সাতজন কারিগর মিলে প্রতিমা তৈরির কাজ করছি। মাটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে কিছু প্রতিমার রঙের কাজ শুরু করেছি। এরপর প্রতিমা সাজানোর কাজ করব। শেষ সময়ে এসে দিনরাত মিলে কাজ করছি। পূজার আগেই আমাদের কাজ শেষ হয়ে যাবে।”
পূজা কমিটির সভাপতি বিধান ভট্টাচার্য বলেন, “এখানে এর আগেও শতাধিক প্রতিমা দিয়ে থিম নির্ভর কাজ হয়েছে। এই বিশেষত্বের কারণে আমাদের এখানে দেশ-বিদেশ থেকে ভক্তরা আসেন। কোভিডের কারণে গত তিন বছর পূজা হয়নি।
“এবার আবার শুরু হয়েছে। এরই মধ্যে মণ্ডপ তৈরির ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। মণ্ডপের ভেতরে মেট্রোরেলের কাঠামোতে থাকবে বিভিন্ন সময়ে পৃথিবীতে জন্ম নেওয়া সনাতন ধর্মের ২০ জন মনীষী।
তিনি আরও বলেন, “মণ্ডপে প্রতিমা দিয়ে সনাতন ধর্মের পৌরাণিক বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হবে।”
রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বছর জেলায় ৪৪৬টি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই ব্যাপারে আমরা তৎপর রয়েছি। প্রতিটা মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামালপুর ইউনিয়নের পূজা মণ্ডপটি দেশের অন্যতম বৃহৎ পূজা মণ্ডপ উল্লেখ করে তিনি বলেন, সেখানে ভারতসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক সমাগম হবে। ফলে এই মণ্ডপের ব্যাপারে আলাদা নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
