গাজীপুরে তুলার গুদামে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ওয়েল্ডিং করার সময় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
গাজীপুর মহানগরীতে একটি কারখানার তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার বিকালে মহানগরীর জাঝর এলাকায় সু চেং টেত্রটাইল চায়না কম্পোজিট কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আরেফিন জানান।
তিনি জানান, বিকাল সাড়ে ৩টার দিকে কারখানার টিনশেডের তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান আরেফিন।
আগুনে গুদামের সমস্ত তুলা পুড়ে গেছে; তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এ ফায়ার সার্ভিস কর্মকর্তা। তিনি বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ওয়েল্ডিং করার সময় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
