আলাপের দরজা খোলা আছে: হানিফ
“তবে সেটা অবশ্যই সংবিধান সম্মত হতে হবে এবং শর্তহীন হতে হবে।”
নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে শর্তহীন সংলাপের দরজা সবসময় খোলা আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেছেন, “আগামী নির্বাচন নিয়ে যদি কোনো দল সরকারের সঙ্গে কথা বলতে চায় তাহলে অবশ্যই কথা বলতে পারে। আলাপের দরজা খোলা আছে।
“তবে সেটা অবশ্যই সংবিধান সম্মত হতে হবে এবং শর্তহীন হতে হবে। সংবিধানের বাইরে গিয়ে কোনো কথা বলা বা শোনার সুযোগ নেই।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বিরোধী বিএনপি ও অন্যদের সংলাপের আলোচনার মধ্যে রোববার কুষ্টিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।
এর আগে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীতে নাগরিক পরিষদের আয়োজনে ইমাম, মাদরাসার শিক্ষক ও ওলামায়ে কেরামদের নিয়ে এক সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা।
বাংলাদেশে একটি ‘বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত’ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী দল সরকারকে পরামর্শ দিয়েছে।
এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সংলাপের ব্যাপারে একমত পোষণ করলেও তারা এতে কোনো শর্ত চায় না বলে জানিয়েছে। অপরদিকে বিএনপি বলছে, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ চার শর্ত মানলেই কেবল তারা সংলাপে বসতে পারে।
বিএনপি এটাও বলছে, তাদের লক্ষ্য এখন আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো।
এর সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “২০১৩ সাল থেকে খালেদা জিয়া সরকার পতনের আন্দোলন করে আসছেন। এখন আর বাংলাদেশে মানুষ বিএনপির তথাকথিত এই আন্দোলন নিয়ে ভাবে না আর এটা নিয়ে আওয়ামী লীগেরও ভাবনার কিছু নেই।
দেশে রাজনৈতিক সংকট চলছে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, “দেশে কোনো রাজনৈতিক সংকট নেই, আওয়ামী লীগেও কোনো সংকট নেই, রাজনৈতিক সংকট আছে বিএনপির মধ্যে।
“কারণ, যে দলের শীর্ষ দুই নেতা দুর্নীতি-সন্ত্রাস-হত্যা-খুনের দায়ে অভিযুক্ত হয়ে দণ্ডপ্রাপ্ত; সেই দল রাজনৈতিক সংকটে থাকবে এটাই তো স্বাভাবিক।
হানিফ আরও বলেন, “বিএনপি সেই রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য দেশের সাধারণ মানুষের ওপরে ভরসা করেনি। তারা ভরসা করেছে বিদেশি প্রভুদের ওপর। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে সেটির জন্য বাংলাদেশের মানুষ মানসিকভাবে প্রস্ততি নিচ্ছে।
তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। বিএনপি নির্বাচনে অংশ নিয়ে যাচাই ও পরীক্ষা করতে পারে।”
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ নাগরিক পরিষদ নেতারা উপস্থিত ছিলেন।
