২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ‘ভুল চিকিৎসায়’ শিশুর মৃত্যু, হাসপাতাল সিলগালা

হার্নিয়ার অপারেশনের জন্য শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়; ওটিতেই সে মারা যায় বলে জানায় পরিবার।

ফেনীতে ‘ভুল চিকিৎসায়’ শিশুর মৃত্যু, হাসপাতাল সিলগালা

ফেনীতে হাসপাতালে শিশুর মৃত্যুর পর স্বজনদের আহাজারি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 10:18 PM

Updated : 11 Jun 2023, 10:18 PM

ফেনী সদরে 'ভুল চিকিৎসায়' পাঁচ বছর বয়সী এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অনুমোদনহীন হাসপাতালটি সিলগালা করে দিয়েছে প্রশাসন।

শনিবার সন্ধ্যায় শহরের দাউদপুর এলাকায় 'আল মদিনা’ হাসপাতালে শিশুটি মারা যায় বলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান জানান।

এ ঘটনায় ক্ষুদ্ধ স্বজনরা হাসপাতালটির সার্জারি চিকিৎসক মো. আদনান আহমেদকে ওই শিশুর মৃতদেহের সঙ্গে রুমে তালাবদ্ধ করে রাখে। পরে রাতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃত ওসমান গনি সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের খাইয়ারা বাজার এলাকার সাইফুল ইসলামের ছেলে।

শিশুটির বাবা সাইফুল বলেন, “শনিবার বিকালে হার্নিয়ার অপারেশনের জন্য ছেলেকে ওই হাসপাতালে নিয়ে যাই। ভর্তির কিছুক্ষণ পর ডাক্তার ইনজেকশন পুশ করে ছেলেকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। এর কিছুক্ষণ পরেই ছেলের মৃত্যুর খবর পাই।”

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মাসুদ রানা বলেন, “শনিবার সন্ধ্যায় আল মদিনা হাসপাতালে শিশু মৃত্যুর খবর পাই। রোববার দুপুরে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুভল চাকমার নেতৃত্বে হাসপাতালটিতে অভিযান চালানো হয়।

“অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ছাড়া হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ (ওটি) ও প্যাথলজি বিভাগের নানা অনিয়ম পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।”

সেখানে ভর্তি থাকা রোগীদের ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।

অনুমোদন না থাকার বিষয়ে হাসপাতালের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, “কিছুদিন হয় হাসপাতালটি চালু করেছি। তবে অনুমোদন বা সনদের বিষয়ে আমি কিছুই জানতাম না। এখন কাগজপত্র তৈরি করবো।”

অভিযোগের বিষয়ে চিকিৎসক মো. আদনান আহম্মেদ বলেন, “অপারেশন সঠিকভাবে হয়েছে; রোগীর রক্তক্ষরণও হয়নি। তবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোগী মারা যেতে পারে।”

শিশু মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান পরিদর্শক (তদন্ত) মাহফুজুর।