১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কুমিল্লার সীমান্তে বাংলাদেশি যুবককে বিএসএফের গুলি

জালাল ঘাস কাটতে কাটতে অসাবধানতাবশত ভারতের অংশে চলে যান; পরে বুঝতে পেরে ফিরে আসার সময় বিএসএফ গুলি চালায়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2023, 12:47 AM

Updated : 04 May 2023, 12:47 AM

সীমান্তে কুমিল্লার বুড়িচং উপজেলায় বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ের জামতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।


গুলিবিদ্ধ জালাল হোসেন (৩৫) বাকশিমুল ইউনিয়নের কোঁদালিয়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।

পেছন থেকে করা গুলিটি তার কোমরের উপরিভাগে লাগে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় বাকশিমুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কাশেম বলেন, জালাল পেশায় একজন দিনমজুর। বুধবার বিকালে অন্য মানুষের ধানের কাজ শেষে জালাল সীমান্ত এলাকায় নিজের গরুর জন্য ঘাস কাটতে যান।

“এক পর্যায়ে সে অসাবধানতাবশত ভারতের অংশে চলে যায়। বিষয়টি বুঝতে পেরে জালাল চলে আসার সময় পিছন থেকে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে।”

 
বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন বলেন, “জালাল নামের ওই দিনমজুর ঘাস কাটতে কাটতে ভারতের অংশে চলে গেলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করেছে বলে শুনেছি। তবে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি আমাদের। তারা জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


বিজিবির শংকুচাইল বিওপির নায়েব সুবেদার মনিরুজ্জামান জানান, “সীমান্ত পিলার ২০৬৫/৭ এর সংলগ্ন এলাকায় ঘটনাটা ঘটেছে। তবে গুলির বিষয়টি তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না। আমরা বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি।”