জেলা পরিষদ নির্বাচন: কম ভোটার তবু যে কারণে দীর্ঘ লাইন
ইটাখোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. মজনু বলেন,“প্রায় দুই ঘণ্টা থেকে অপেক্ষায় আছি।”
নীলফামারীতে জেলা পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা হাতেগোনা হলেও কেন্দ্রে গিয়ে দীর্ঘলাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করতে হয়েছে।
ভোটার ও নির্বাচনে ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রথমবার ভোট দেওয়ায় অনেকের বুঝতে সমস্যা হয়। ফলে ভোট প্রয়োগ করতে সময় লেগেছে।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ছয়টি উপজেলার ছয়টি ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। কেন্দ্রের ভেতরে ভোটারদের যেমন লাইন ছিল, তেমনি কেন্দ্রের বাইরেও ভিড় করেছিলেন সাধারণ মানুষ।
ভোট গ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সদর উপজেলার রাবেয়া বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট সমাপ্ত হতে অতিরিক্ত ২৫ মিনিট লেগেছে। কেন্দ্রটিতে ভোটার সংখ্যা ছিল ২১১টি। বেলা সাড়ে ১১টা দিকে ওই কেন্দ্রে ভোট পড়েছিল ৭৮টি।
দুপুর দেড়টার দিকে ওই কেন্দ্রে আসা ইটাখোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মজনু বলেন,“প্রায় দুই ঘণ্টা থেকে অপেক্ষায় আছি। অনেকে প্রথমবার ইভিএমে ভোট দিচ্ছেন তাই বুঝতে সময় লাগছে।”
এ কারণে অপেক্ষায় থাকতে হচ্ছে বলে জানান এই ভোটার।
একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মশিউর রহমান এবং ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রফিক জানান, এই নির্বাচনে ভোটার সংখ্যা তো নগণ্য। কিন্তু ভোট দিতে এসে তাদের বেশি সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ইভিএম ব্যবহারের অভ্যাস থাকলে হয়তো এটা হতো না বলে মনে করেন এই দুই ভোটার।
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রটিতে ২১১ ভোটারের মধ্যে নারী ভোটার ছিল ৫১ জন। ইভিএম ধারণা না থাকায় অনেকেই ভোট প্রদানে সময় নিয়েছেন।”
খোঁজ নিয়ে জানা গেছে, বেলা সাড়ে ১১টা পর্যন্ত সৈয়দপুর উপজেলায় বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮৯ ভোটের মধ্যে পড়ে ৪৭টি।
একই সময়ে জলঢাকা উপজেলায় আলহাজ মোবারক হোসেন অর্নিবান বিদ্যাতীর্থ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫৯ ভোটের মধ্যে পড়েছে ৭৬টি।
ডোমার উপজেলা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪৬ ভোটের মধ্যে পড়ে ৬৬টি। ডিমলা উপজেলায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩৩ ভোটের মধ্যে পড়ে ৫৩টি। কিশোরগঞ্জ উপজেলা বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২০টি ভোটের মধ্যে পড়ে ৮০টি।
জেলা সদরের চেয়ে এসব কেন্দ্রে ভোটার সংখ্যা কম হওয়ায় নির্ধারিত সময়ের আগেই শেষ হয় ভোট গ্রহণ।
এদিকে কেন্দ্রের বাইরে দেখা গেছে সাধারণ মানুষকে ভোট উৎসবে মেতে উঠতে।
জেলা সদরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন ভোটকেন্দ্রে এসেছিলেন পলাশবাড়ি ইউনিয়নের ধুলিয়া গ্রামের কৃষক নিহার রঞ্জন রায় (৪০)। তিনি বলেন, “ভোট দিতে পারবো না, তাই বলে কী আনন্দ থেকে বাদ পড়বো। এখানে এসে সবার সঙ্গে আনন্দ উপভোগ করছি।”
জেলায় মোট ভোটার ৮৫৮ জন। এর মধ্যে পুরুষ ৬৫৩ এবং নারী ২০৫ জন। প্রতিটি কেন্দ্রে দুটি করে বুথে ইভিএমে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং কর্মকর্তার নেতৃত্বে দুই জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও চার জন করে পোলিং কর্মকর্তা ছিলেন। প্রতিটি কেন্দ্র নেওয়া হয় সিসি ক্যামেরার আওতায়।
আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম টহল দেয়। একজন করে পুলিশ পরিদর্শকের নেতৃত্বে কেন্দ্রে ১০ জন করে পুলিশ সদস্য ও চারজন করে আনসার সদস্য নিয়োজিত ছিলেন। এ ছাড়া বিজিবি মোতায়েন ছিল দুই প্লাটুন।
জেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক (আনারস) এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (মোটরসাইকেল)।
এ ছাড়া দুটি সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে মোট ১১ জন এবং ছয়টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, “শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে।”
