২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে ২ হাজার টাকা পাওনার দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

চাপাতির কোপে মাথায় আঘাত পাওয়া আব্বাসের ক্ষতস্থানে চিকিৎসক সেলাই করে দিলে তিনি বাড়ি চলে যান। পরে বাড়িতেই তার মৃত্যু হয়।

টাঙ্গাইলে ২ হাজার টাকা পাওনার দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

আব্বাস আলী।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 03:00 PM

Updated : 25 Oct 2023, 03:00 PM

টাঙ্গাইলের কালিহাতীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

কালিহাতী উপজেলার বেড়ী পটল গ্রামে মঙ্গলবার দুপুরে হামলার শিকার ওই যুবক বুধবার সকালে মারা গেছেন বলে জানিয়েছেন কালিহাতী থানার ওসি কামরুল ফারুক।

নিহত ২৬ বছরের আব্বাস আলী ওই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। হামলায় তার বড় ভাই আক্তার হোসেনও (২৮) আহত হয়েছেন।

Image

কালিহাতী উপজেলার বেড়ী পটল গ্রামে নিহতের বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড়।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, আব্বাস আলীর কাছে সদর থানার কাকুয়া ইউনিয়নের পোলী গ্রামের নুরুর ছেলে সোহেল মোবাইল বিক্রির দুই হাজার পাওনা ছিলেন। সেই টাকার জন্য মেয়ের জামাই আব্দুল মমিনকে নিয়ে মঙ্গলবার দুপুরে আব্বাসের বাড়িতে যান তিনি।

সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে তারা আব্বাস আলীকে চাপাতি ও লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। ভাইকে রক্ষায় আক্তার হোসেন এগিয়ে এলে তাকেও গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। আহত আক্তার হোসেনের পা ভেঙ্গে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

‘আর চাপাতির কোপে মাথায় আঘাত পাওয়া আব্বাসের ক্ষতস্থানে চিকিৎসক সেলাই করে দিলে তিনি বাড়ি চলে যান। পরে বুধবার বাড়িতেই তার মৃত্যু হয়।”

ওসি ফারুক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।