১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সাদমানের অপরাজিত ৯৯ রানের ইনিংসে বাংলাদেশের ভালো দিন

28 Oct 2026, 08:23 AM

লাইভ ব্লগে স্বাগত

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মিরপুর টেস্টের প্রথম দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।

28 Oct 2026, 08:23 AM

দূরদৃষ্টিতে ফাইনাল, সামনে ওয়েস্ট ইন্ডিজ

Image

সিরিজের ট্রফি হাতে দুই অধিনায়ক। ছবি: বিসিবি

ডারউইনে ঐতিহাসিক জয় খুলে দিয়েছে সম্ভাবনার দুয়ার। তাই বাংলাদেশ টেস্ট দল ঘিরে আলোচনার বড় অংশেই এখন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

সেই কঠিন তবে সম্ভব সমীকরণ মেলানোর অভিযানে এবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে প্রথম টেস্ট।

স্বপ্নের ফাইনালে খেলার সম্ভাবনা ভালোভাবে বাঁচিয়ে রাখতে এই সিরিজের দুই টেস্টেই জয়ের বিকল্প নেই। লক্ষ্যটা বড়, কাজটা কঠিন- ভালোভাবেই জানেন নাজমুল হোসেন শান্ত। তাই অনেক দূরের কিছু চিন্তা না করে আপাতত মিরপুর টেস্টে মনোযোগ দিতে চান বাংলাদেশ অধিনায়ক।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চোট সমস্যা দেখা দিয়েছিল দলে। তবে গুরুতর হয়নি মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের চোট। তাই পূর্ণশক্তির দল নিয়েই প্রথম ম্যাচে মাঠে নামতে পারবে বাংলাদেশ।

২০২৪ সালে দুই দলের সবশেষ সিরিজ হয়েছিল ১-১ ড্র। সেবার ক্যারিবিয়ানে গিয়ে দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ। আর ঘরের মাঠে সবশেষ পাঁচ টেস্টই জিতেছে তারা। সব মিলিয়ে তাই প্রেরণার কমতি নেই। এবার শুধু আরেকটি বাধা অতিক্রমের অপেক্ষা

28 Oct 2026, 09:10 AM

টস জিতে ব‍্যাটিংয়ে বাংলাদেশ

Image

টস কয়েন ছুড়ছেন বাংলদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: শামছুল হক রিপন

সিরিজের প্রথম ম‍্যাচে টস জিতলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক নিলেন ব‍্যাটিং।

28 Oct 2026, 09:18 AM

নেই মুশফিক, একাদশে তিন স্পিনার

আগের দিন আঙুলে চোট পাওয়ার পর এবার প্রথম টেস্টের একাদশে নেই মুশফিকুর রহিমের নাম। ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরেই সবশেষ মুশফিককে ছাড়া টেস্ট খেলেছিল বাংলাদেশ। এবার তার অনুপস্থিতিতে একাদশে ফিরেছেন তাওহিদ হৃদয়।

এছাড়া একাদশে পরিবর্তন আছে আরও একটি। বাদ পড়েছেন ইবাদত হোসেন চৌধুরি। তার জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টের মতো এবারও তিন স্পিনার নিয়েই একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

28 Oct 2026, 09:21 AM

উইন্ডিজ একাদশেও তিন স্পিনার

স্বাগতিকদের মতো স্পিনে জোর দিয়েছে ওয়েস্ট ইন্ডিজও। দুই পেসারের সঙ্গে দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামছে তারা। এর সঙ্গে স্পিন বোলিং অলরাউন্ডার রস্টন চেইসও আছেন একাদশে।

এই টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার জশুয়া বিশপের। স্পিন বিভাগে তার সঙ্গে থাকছেন আরেক বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। পেস আক্রমণে তাদের ভরসা জেডেন সিলস ও শামার জোসেফ। একাদশে নেই অভিজ্ঞ কিমার রোচ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, তেজনারাইন চান্দারপল, কাভেম হজ, আমির জাঙ্গু, রস্টন চেইস, জাস্টিন গ্রেভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান, জেডেন সিলস।

28 Oct 2026, 10:13 AM

খোঁচা মেরে তানজিদের বিদায়

Image

জেডেন সিলসের বলে স্লিপে ক‍্যাচ দিয়ে ফিরছেন তানজিন হাসান। ছবি: শামছুল হক রিপন

ইনিংসের শুরু থেকে অফ স্টাম্পের বাইরে টানা ডেলিভারিতে তানজিদ হাসানকে প্রলুব্ধ করছিলেন জেডেন সিলস। শেষ পর্যন্ত ফাঁদে পা দিলেন বাঁহাতি ওপেনার। সপ্তম ওভারে অফ স্টাম্পের বাইরের ডেলিভারি খোঁচা মেরে স্লিপে ধরা পড়লেন তানজিদ।

২৩ বলে ৭ রান করে ফিরলেন বাঁহাতি ওপেনার। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুমিনুল হক।

৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১০ রান। ১৭ বলে ১ রানে খেলছেন আরেক ওপেনার সাদমান ইসলাম।

28 Oct 2026, 10:25 AM

তিন দিন লাগবে মুশফিকের

ম্যাচের আগের দিন পাওয়া আঙুলের চোটে ছিটকে যাওয়ার পর মুশফিকুর রহিমের সবশেষ অবস্থা জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। ডান হাতের তর্জনীর ওই চোট সারতে তিন দিন সময় লাগবে অভিজ্ঞ ব্যাটসম্যানের।

"মুশফিকুর রহিম গতকাল অনুশীলনে ডান হাতের তর্জনীতে একটা ব্যথা পেয়েছে। পরবর্তী থেকে ও অবজারভেশনে ছিল। আজকে সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন (কালশিটে পড়া) ইনজুরি। আশা করছি, আগামী ৩ দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। পরের ম্যাচে সে খেলতে পারবে।"

28 Oct 2026, 10:37 AM

প্রথম ঘণ্টায় তানজিদের উইকেট

ক‍্যারিবিয়ানদের আঁটসাঁট বোলিংয়ে প্রথম ঘণ্টায় সহজে রান করতে পারেনি বাংলাদেশ। সাবধানী ব‍্যাটিং করলেও নিরাপদে প্রথম ঘণ্টা কাটিয়ে দিতে পারেনি তারা। হারিয়েছে ওপেনার তানজিদ হাসানের উইকেট।

প্রথম ঘণ্টায় ১৩ ওভার বোলিং করেছে ওয়েস্ট ইন্ডিজ। পানি পানের বিরতির সময় বাংলাদেশের রান বিনা উইকেটে ৩৪।

৩৪ বলে দুই চারে ১২ রানে ব‍্যাট করছেন ওপেনার সাদমান ইসলাম। তিনে নেমে এক চারে ২১ বলে ১৩ রানে খেলছেন মুমিনুল হক।

২৩ বলে ৭ রান করে ফিরেছেন তানজিদ।

28 Oct 2026, 11:08 AM

৭৩ বলে জুটির পঞ্চাশ

Image

দায়িত্বশীল ব‍্যাটিংয়ে দলকে টানছেন সাদমান ইসলাম। ছবি: শামছুল হক রিপন

তানজিদ হাসানের দ্রুত বিদায়ের পর বাংলাদেশকে টানছেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে তারা গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৭৩ বলে।

রস্টন চেইসের ওভারে সাদমানের দুটি চারে জুটির রান স্পর্শ করে পঞ্চাশ।

দুই বাঁহাতি ব‍্যাটসম‍্যানই খেলছেন আস্থার সঙ্গে। তাদের জুটিতে ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশের রান।

১৯ ওভারে স্বাগতিকদের রান ১ উইকেটে ৬০।

28 Oct 2026, 12:00 PM

১১ হাজারে মুমিনুল

অহেতুক শটে ক্যাচ দেওয়ায় সম্ভাবনা জাগিয়েও ইনিংস বড় করতে পারেননি মুমিনুল হক। দুই চারে ৫১ বলে ২৮ রান করে ফিরেছেন তিনি। তবে এই ইনিংসেই স্পর্শ করেছেন একটি মাইলফলক।

বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করেছেন মুমিনুল। ১৬৯ ম্যাচের ২৯৭ ইনিংসে ২৯ সেঞ্চুরি ও ৫৪ ফিফটির সাহায্যে এই ক্লাবে প্রবেশ করেছেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।

তার আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ১১ হাজার রান করেছেন শুধু তুষার ইমরান (১১ হাজার ৯৭২) ও নাঈম ইসলাম (১১ হাজার ২৫৩)।

28 Oct 2026, 11:16 AM

থিতু হয়ে ফিরলেন মুমিনুল

Image

জোমেল ওয়ারিক‍্যানের বলে বড় শটের চেষ্টায় ক‍্যাচ দিয়ে ফিরছেন মুমিনুল হক। ছবি: শামছুল হক রিপন

বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় বলে উইকেট পেলেন জোমেল ওয়ারিক‍্যান। তার বলে তুলে মারতে গিয়ে ক‍্যাচ দিলেন মুমিনুল হক।

বাঁহাতি স্পিনারের স্টাম্পে থাকা ডেলিভারিতে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন মুমিনুল। কিন্তু টাইমিং করতে পারেননি তিনি। মিড অফে সহজ ক‍্যাচ নেন শামার জোসেফ। ভাঙে ৮৮ বল স্থায়ী ৫৯ রানের জুটি।

৫১ বলে দুই চারে ২৮ রান করেন মুমিনুল।

২২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬৯। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

28 Oct 2026, 11:39 AM

প্রথম সেশনে তানজিদ-মুমিনুলের বিদায়

মিরপুর টেস্টের প্রথম সেশনে প্রতি ঘণ্টায় একটি করে উইকেট হারিয়েছে বাংলাদেশ। শুরুতেই ফিরেছেন তানজিদ হাসান। থিতু হয়ে বিদায় নিয়েছেন মুমিনুল হক।

লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের রান ২ উইকেটে ৯৬। ৮০ বলে পাঁচ চারে ৪২ রানে ব‍্যাট করছেন সাদমান। ২০ বলে এক চারে ১৫ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত।

অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ২৮ রানের জুটি গড়েছেন তারা ৪৬ রানে।

২৯ ওভার করাতে ছয় বোলার ব‍্যবহার করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেইস। তানজিদের উইকেট নিয়েছেন জেডেন সিলস। মুমিনুলকে বিদায় করেছেন জোমেল ওয়ারিক‍্যান।

28 Oct 2026, 12:41 PM

৯৫ বলে সাদমানের পঞ্চাশ

এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন সাদমান ইসলাম। দায়িত্বশীল ব‍্যাটিংয়ে বাঁহাতি এই ওপেনার পঞ্চাশ ছুঁয়েছেন ৯৫ বলে।

জেডেন সিলসের ওভারে সিঙ্গেল নিয়ে পঞ্চাশে যান সাদমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি তার চতুর্থ পঞ্চাশ, সব মিলিয়ে দশম।

৩৫ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১০৯।

28 Oct 2026, 12:46 PM

টিকলেন না শান্ত

এলবিডব্লিউর জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে দ্রুতই রিভিউ নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেইস। কাজেও লাগল সেটা, দ্রুতই ফিরলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

জোমেল ওয়ারিক‍্যানের মিডল স্টাম্পে পড়ে সোজা যাওয়া ফুল লেংথ ডেলিভারি সোজা ব‍্যটে না খেলে, সুইপ করেন শান্ত। ব‍্যাটের-বলে করতে পারেননি তিনি। বল লাগে প‍্যাডে।

জোরাল আবেদেনে সাড়া দেননি আম্পায়ার। চেইস রিভিউ নিলে দেখা যায়, বল লাগতো লেগ-মিডল স্টাম্পে। ভাঙে ৮৫ বল স্থায়ী ৪২ রানের জুটি।

৪২ বলে এক চারে ১৯ রান করেন শান্ত।

৩৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১১২। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী তাওহিদ হৃদয়।

28 Oct 2026, 02:12 PM

সাদমান-হৃদয়ের জুটিতে পঞ্চাশ

Image

দায়িত্বশীল ব‍্যাটিংয়ে জুটি গড়েছেন সাদমান ইসলাম ও তাওহিদ হৃদয়। ছবি: শামছুল হক রিপন 

জাস্টিন গ্রেভসের ওভারে পরপর দুটি চার মারলেন সাদমান ইসলাম। তাতে তাওহিদ হৃদয়ের সঙ্গে তার জুটি স্পর্শ করল পঞ্চাশ, ১০৬ বলে।

৫৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৬১।

১৫০ বলে আট চারে ৭৪ রানে ব‍্যাট করছেন সাদমান। ৫৫ বলে দুই চারে ২৫ রানে খেলছেন হৃদয়।

28 Oct 2026, 02:40 PM

বাংলাদেশের ভালো সেশন

দ্বিতীয় সেশনে একটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সফল রিভিউয়ে ফিরে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চা-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ৩ উইকেটে ১৭৭।

১৬৭ বলে আট চারে ৭৯ রানে খেলছেন সাদমান ইসলাম। তিন চারে ৭৪ বলে ৩৬ রানে ব‍্যাট করছেন তাওহিদ হৃদয়।

এই দুই ব‍্যাটসম‍্যানের জুটিতে ৬৭ রান এসেছে ১৪৪ বলে। দ্বিতীয় সেশনে ৩০ ওভারে ৮১ রান যোগ করেছে বাংলাদেশ। তার মূল ভূমিকা এই জুটির।

28 Oct 2026, 02:48 PM

রিভিউয়ে ব‍্যর্থ ওয়েস্ট ইন্ডিজ

উইকেটের মরিয়া চেষ্টায় রিভিউ নিয়ে ব‍্যর্থ হলো ওয়েস্ট ইন্ডিজ। এতে প্রথম রিভিউ হারাল সফরকারীরা।

জশুয়া বিশপের বল পা বাড়িয়ে না খেলে ছেড়ে দেন সাদমান ইসলাম। বাঁহাতি ওপেনারের কনুইয়ে লেগে বল যায় কিপারের গ্লাভসে।

ক‍্যারিবিয়ান ফিল্ডাররা নিশ্চিত ছিলেন যে, বল ব‍্যাট ছুঁয়েই গেছে। পরে রিপ্লেতে নিশ্চিত হয়, ব‍্যাট নয় কনুই ছুঁয়ে গেছে বল। সে সময় ৮৪ রানে ছিলেন সাদমান।

৬২ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের রান ১৮৪।

28 Oct 2026, 03:07 PM

স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়

Image

স্ট্রেচারে করে মাঠ ছাড়ছেন তাওহিদ হৃদয়, ব‍্যাটিংয়ের জন‍্য ক্রিজে যাচ্ছেন লিটন দাস। ছবি: শামছুল হক রিপন 

পেশির টানে আগের ওভারে নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়েই অস্বস্তিতে ভুগছিলেন তাওহিদ হৃদয়। পরের ওভারে স্কয়ার কাট করে সিঙ্গেল নিতে গিয়ে আরও তীব্র হলো সেই সমস্যা। মাঠেই নিলেন প্রাথমিক শুশ্রূষা। তবু উঠে দাঁড়াতে পারলেন না।

তাই দ্রুতই মাঠে ঢুকল স্ট্রেচার। হৃদয়ে সেই স্ট্রেচারে উঠিয়ে নেওয়া হলো মাঠে। ৪২ রানে আহত অবসর হয়ে গেলেন মুশফিকুর রহিমের চোটে একাদশে ফেরা মিডল-অর্ডার ব্যাটসম্যান। ফলে ছেদ পড়ল ৮৮ রানের চতুর্থ উইকেট জুটিতে।

হৃদয় উঠে যাওয়ায় ব্যাট করতে নামলেন লিটন কুমার দাস। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯৪ রানে অপরাজিত সাদমান ইসলাম।

৬৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯৮ রান।

28 Oct 2026, 04:09 PM

আলোকস্বল্পতায় খেলা বন্ধ

বোলিংয়ের জন‍্য শামার জোসেফকে ডাকলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেইস। পেসারদের বিপক্ষে খেলার জন‍্য কন্ডিশনকে নিরাপদ মনে করলেন না দুই আম্পায়ার। আলোকস্বল্পতায় খেলা বন্ধ করে দিলেন তারা।

আকাশ মেঘে ঢাকা। অনেকক্ষণ ধরেই খেলা চলছে ফ্লাডলাইটের আলোয়। স্পিন খেলতে অসুবিধা হচ্ছে না। কিন্তু ক‍্যারিবিয়ান অধিনায়ক পেসার আনতে চাওয়াতেই আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হলো না।

৭০ ওভারে বাংলাদেশের রান ৩ উইতেটে ২০৭। ২০৮ বলে ৯৬ রানে খেলছেন সাদমান ইসলাম। ১৫ বলে ৭ রানে খেলছেন লিটন দাস।

28 Oct 2026, 04:28 PM

ফের খেলা বন্ধ

আলো একটু বাড়ায় খেলা শুরু হয়েছিল, কিন্তু বেশিক্ষণ চালানো গেল না। মাত্র ৪ ওভার বোলিংয়ের পর আলোকস্বল্পতায় ফের বন্ধ হয়ে গেল খেলা।

৭৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২১৩।

শেষ চার ওভারে কেবল ৬ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ। এই সময়ে সেঞ্চুরির দুয়ারে পৌঁছে গেছেন সাদমান ইসলাম। ৯৯ রানে খেলছেন বাঁহাতি এই ওপেনার। ১০ রানে খেলছেন লিটন দাস।

28 Oct 2026, 05:08 PM

সাদমানের ৯৯*, বাংলাদেশের ভালো দিন

টস জিতে ব‍্যাট করতে নেমে ওপেনার সাদমান ইসলামের দায়িত্বশীল ব‍্যাটিংয়ে মিরপুর টেস্টে প্রথম ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়েছে বাংলাদেশ।

দিনের শেষ সেশনে আলোকস্বল্পতার বাগড়ায় পুরো ৯০ ওভার খেলা সম্ভব হয়নি। ৭৪ ওভারে তিন উইকেটে ২১৩ রাননে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ।

২১৯ বলে ১০ চারে ৯৯ রানে খেলছেন সাদমান। বাঁহাতি ওপেনারের সামনে ক‍্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির হাতছানি। ২৮ বলে এক চারে ১০ রানে খেলছেন লিটন দাস।

সকালে দ্রুত ফিরেছেন তানজিদ হাসান। থিতু হয়ে বিদায় নিয়েছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। পেশিতে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন তাওহিদ হৃদয়।

দুটি উইকেট নিয়েছেন জোমেল ওয়ারিক‍্যান। একটি উইকেট নিয়েছেন জেডেন সিলস।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪ ওভারে ২১৩/৩ (সাদমান ৯৯*, তানজিদ ৭, মুমিনুল ২৮, নাজমুল ১৯, হৃদয় আহত অবসর ৪২, লিটন ১০*; সিলস ৮-৩-১৪-১, জোসেফ ১০-১-২৮-০, চেইস ১৩-১-৫৩-০, গ্রেভস ১০-৪-৩০-০, বিশপ ১৯-২-৫০-০, ওয়ারিক‍্যান ১৪-১-৩৩-২)

28 Oct 2026, 05:10 PM

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪ ওভারে ২১৩/৩

28 Oct 2026, 05:13 PM

লাইভ ব্লগের সমাপ্তি

মিরপুর শের-ই-বাং জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।