ইজিবাইক চালকের মেয়ে শিল্পীর স্বপ্ন চিকিৎসক হওয়ার
এ বছর এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন।
একটি বিস্কুট খেয়ে ভোর ৬টায় বাড়ি থেকে বের হয়ে কলেজ ও টিউশনির গন্তব্যে যেতে প্রতিদিন হাঁটতেন পাঁচ কিলোমিটার পথ। বিকালে বাসায় ফিরে খেতেন একমুঠো ভাত। এভাবেই সারাদিন প্রায় অভুক্ত থেকেই এসএসসির পর এবার এইচএসসিতেও অর্জন করেছেন জিপিএ-৫।
ক্ষুধা-দারিদ্যের এমন শত বাঁধা পেরিয়েই ডাক্তার হবার স্বপ্ন দেখছেন কুড়িগ্রাম সদর উপজেলার অদম্য মেধাবী শিল্পী আক্তার।
শিল্পী উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম ফকিরপাড়া গ্রামের বাসিন্দা সফিকুল ইসলামের মেয়ে। ইজিবাইক চালক সফিকুলের সাত শতক বাড়ি ভিটার জমি ছাড়া আর কোনো সম্বল নেই। সামান্য আয়ে সংসারের চাকা ঘুরিয়ে সন্তানের লেখাপড়ার খরচ জোগাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হয় এই দরিদ্র পিতার।
পরিবারের শত অভাব-অনটনের মাঝেও লক্ষ্যে অবিচল থাকা শিল্পী আক্তার ভালো ফলাফল করে চমকে দিয়েছেন সবাইকে। শিল্পী এ বছর এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন।
শিল্পী আক্তার জানান, স্কুলে প্রয়োজনীয় বই ও পোশাক ছিল না। তিন বেলা ঠিকমত খাবার জুটতো না। তারপরেও অনেক কষ্ট করে এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছিলেন।
এই ফলাফল নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্টের কারণে হৃদয়বান মানুষদের কাছ থেকে কিছু সহায়তা নিয়ে কলেজে ভর্তি হন তিনি।
পরে বই কেনা ও টিউশনীর কিছু টাকা জোগাতে এগিয়ে আসেন অচেনা এক সুহৃদ। এভাবেই এগিয়ে চলে তার স্বপ্নযাত্রা।
শিল্পী আরও জানান, তার বাড়ি থেকে কলেজের দূরত্ব ১২ কিলোমিটার। এক কিলোমিটার হেঁটে কাঁঠালবাড়ী বাজারে গিয়ে অটোরিকশায় চড়তে হত। এরপর প্রাইভেট টিউশনির জন্য শহরের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে হতো প্রায় তিন কিলোমিটার পথ। শেষে বাড়ি ফেরার সময় আবার এক কিলোমিটার হাঁটতে হত।
শুধু তাই নয়, ভোর ৬টায় দু একটি বিস্কুট মুখে দিয়ে ছুটতে হয়েছে কলেজের পথে। অর্থ ও সময়ের অভাবে না খেয়ে থাকতে হতো বিকেল পর্যন্ত। অভুক্ত অবস্থায় এভাবে হাঁটতে তার অনেক কষ্ট হলেও জীবনের লক্ষ্যে পৌঁছতে সব কষ্ট মেনে নিয়েছেন।
শিল্পীর মা ফুলবানু বেগম জানান, “ছোটবেলা থেকে মেয়ে অনেক কষ্ট করেছে। আল্লাহ তার ইচ্ছে পূরণ করেছে। এখন ডাক্তার হওয়ার স্বপ্ন কি ভাবে পূরণ হবে এ কথা ভাবলে দু’চোখে অন্ধকার দেখি।”
বাবা সফিকুল ইসলাম জানান, “আগে কাঠমিস্ত্রির কাজ করতেন। প্রায়ই কাজ মিলতো না। পরে এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে ইজিবাইক কেনেন। এই আয়ে কোনমতে সংসার চলে।
দুই সন্তানের লেখাপড়ার খরচ জোগানো তার জন্য কঠিন। বিশেষ করে মেয়ের চিকিৎসক হবার ইচ্ছে থাকলেও তার সামর্থ্য নেই পড়ানোর, জানান এই অসহায় বাবা।
