১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে ওএমএসের চালের ‘অবৈধ মজুত’, গুদাম সিলগালা

এছাড়া গুদামটি টিনের হওয়ায় খাদ্যশস্য পাচারের শঙ্কাও রয়েছে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2023, 08:14 PM

Updated : 08 Jun 2023, 08:14 PM

খাগড়াছড়িতে খোলা বাজারে বিক্রির চাল অবৈধ মজুতসহ একাধিক অভিযোগে একজন ডিলারের গুদাম সিলগালা করা হয়েছে।

এ সময় অবৈধভাবে মজুতের চাল ও আটা জব্দ করা হয় বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুমাইয়া নাজনীন জানান।

তিনি জানান, বুধবার শহরের কলা বাগানের ভাঙাব্রিজ এলাকায় ওএমএস ডিলার ফরিদুল ইসলামের গুদাম পরিদর্শন করা হয়। এ সময় বেশ কিছু অনিয়ম দেখা গেছে। ওএমএসের আওতায় চাল বিক্রি ৩১ মে শেষ হলেও তার গুদামে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৭ বস্তা আতপ চাল মজুত পাওয়া যায়। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।”

সুমাইয়া নাজনীন আরও জানান, ওএমএস ডিলারের মজুত রেজিস্টার ও বিক্রয় রেজিস্টারে যথেষ্ট গড়মিল দেখা গেছে। মজুত রেজিস্টারে ৫ জুন (সোমবার) উত্তোলন দেখানো হলেও কোনো বিক্রয় দেখানো হয়নি। অপরদিকে, মঙ্গল ও বুধবার মজুত রেজিস্টারে কোনো উত্তোলন দেখানো হয়নি। অথচ বিক্রয় রেজিস্টারে বিক্রয় দেখানো হয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। এছাড়া গুদামটি টিনের হওয়ায় খাদ্যশস্য পাচারের শঙ্কাও রয়েছে।

এসব অভিযোগে ওএমএস ডিলার মো. ফরিদুল ইসলামের ডিলারশিপ বাতিলের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।

চিঠি পাওয়ার কথা জানিয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, “ফরিদুল ইসলামের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”