ফেনীতে হত্যার ১৯ বছর পর যাবজ্জীবন পাওয়া ব্যক্তি গ্রেপ্তার
যাবজ্জীবনের পাশাপাশি সিরাজুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক বছর করাবাসে থাকতে হবে।
ফেনীর সোনাগাজীতে চাচাত ভাইকে হত্যার ১৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ ফেনীর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান।
গ্রেপ্তার ৪৪ বছর বয়সি মো. সিরাজুল ইসলাম উপজেলার চর সাহাভিকারী গ্রামের আহছান উল্লাহর ছেলে।
নিহত ২৬ বছর বয়সি মো. শহিদুল্লা একই গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে শহিদুল্লার সঙ্গে তার চাচা আহছান উল্লাহর বিরোধ চলে আসছিল। এরই জেরে ২০০৪ সালের ২৮ মে শহিদুল্লা ও তার দুই ভাইয়ের উপর হামলা করেন আহছান উল্লাহ ও তার ছেলেরা। এতে আহত হন শহিদুল্লা ও তার দুই ভাই।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে শহিদুল্লার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন শহিদুল্লা মারা যান।
র্যাব আরও জানায়, এ ঘটনায় শহিদুল্লার ছোট ভাই পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এরপর থেকে সিরাজুল আত্মগোপনে চলে যান।
আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের পর ২০১২ সালে ৭ অগাস্ট সিরাজুলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক বছর করাবাসে থাকতে হবে।
র্যাব কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল বলেন, সিরাজুল গ্রেপ্তার এড়াতে ছদ্মনাম নিয়ে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে বসবাস করছিলেন। গোপন খবর পেয়ে সোমবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে সিরাজুলকে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।
