হাত-পা বেঁধে গলায় গামছা পেঁচিয়ে শিক্ষককে হত্যা, পাশে চিরকুট
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”
সাভারে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
রোববার বিকালে সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লার বাড়িতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানান সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।
সন্ধ্যায় সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহ শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত গোলাম কিবরিয়া (৪৫) সাভারের ভাটপাড়া মহল্লার মৃত শুকুর মুন্সির ছেলে। তিনি রেডিও কলোনি মডেল স্কুলের সাবেক শিক্ষক। এ ছাড়া তিনি বাড়িতেই প্রাইভেট পড়াতেন।
নিহতের ছোট ভাই সাংবাদিক আপেল মাহমুদ জানান, কখন তার ভাইকে হত্যা করা হয়েছে তা জানতে পারেননি। ঘরে তিনি একাই থাকতেন। লাশটি খাটের উপরে গলায় গামছা পেঁচানো ও হাত-পা লুঙ্গি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। ঘরের মালামালও তছনছ অবস্থায় ছিল।
কক্ষটির দুটি দরজা। সড়কের পাশের দরজা খোলা ছিল আর পিছনের দরজা বন্ধ ছিল। সারাদিন কিবরিয়ার কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজ করতে গিয়ে লাশের দেখা মেলে।
সাভার মডেল থানার ওসি দীপক বলেন, “মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”
