২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, যুবক গ্রেপ্তার

মে মাসে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের পাশাপাশি ভিডিও ধারণে শাহরিয়ার সহায়তা করেন বলে জানায় পুলিশ।

কক্সবাজারে ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, যুবক গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2023, 05:20 PM

Updated : 14 Jul 2023, 05:20 PM

কক্সবাজারের চকরিয়া উপজেলায় কলেজছাত্রীকে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

গ্রেপ্তার ২২ বছর বয়সী শাহরিয়ার মোহাম্মদ হৃদয় ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উলুবনিয়া গ্রামের বাসিন্দা। তিনি মামলার দুই নম্বর আসামি।

মামলার বরাতে অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল বলেন, রিয়াজ উদ্দিন নামের এক যুবক এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করত। এক পর্যায়ে মে মাসে শাহরিয়ারের সহায়তায় ওই ছাত্রীকে তুলে নিয়ে যান তারা। তাকে ধর্ষণের পাশাপাশি ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেন তারা।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চকরিয়া থানায় ধর্ষণের মামলা করেন।

এতে রিয়াজ উদ্দিনকে প্রধান আসামি করে শাহরিয়ারকে দুই নম্বর এবং স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রমজান আলীকে তিন নম্বর আসামি করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

প্রধান আসামি রিয়াজ ও ইউপি সদস্য রমজান পলাতক রয়েছেন; তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।