২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিত্রাং : নাজুক বেড়িবাঁধ নিয়ে শঙ্কায় সাতক্ষীরার মানুষ

উপকূলীয় জেলা সাতক্ষীরায় মোড়ে মোড়ে ওড়ানো হয়েছে লাল পতাকা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 06:41 PM

Updated : 24 Oct 2022, 06:41 PM

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় শ্যামনগর ও আশাশুনি উপজেলাসহ সাতক্ষীরা জেলার সর্বত্র টানা বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইছে। জোয়ারের পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন স্থানের বেড়িবাঁধ নিয়ে মানুষের মধ্যে শঙ্কাও তৈরি হচ্ছে।

সর্বশেষ আবহাওয়া বার্তায় উপকূলীয় জেলা সাতক্ষীরায় ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলার পর থেকে উপকূলজুড়ে শুরু হয়েছে মাইকিং। মোড়ে মোড়ে ওড়ানো হয়েছে লাল পতাকা।

সাতক্ষীরার শ্যামনগর থেকে পদ্মপুকুর ইউনিয়ন সিপিপির টিম লিডার জি এম মাসুম বিল্লাহ বলেন, জোয়ারের পানি গতদিন থেকে আজ বেশি, এলাকার মানুষ নাজুক বেড়িবাঁধ নিয়ে আতঙ্কিত। আমরা সব ধরনের প্রস্তুতি গ্র্রহণ করেছি। সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রয়েছে।

দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরের চেয়ারম্যান আমজাদুল ইসলাম বলেন, “পদ্মপুকুর ইউনিয়নের ২৭ কিলোমিটার বেড়িবাঁধের অধিকাংশ ঝুঁকিপূর্ণ। কামালকাটি, ঝাপা, পশ্চিম পাতাখালী, পূর্ব পাতাখালী, চন্ডিপুর চাউলখোলা, পাখিমারা এলাকার বেড়িবাঁধ নাজুক।”

এলাকাবাসীকে মাইকিং করে সর্তক করা হচ্ছে। সাইক্লোন শেল্টারগুলোতে শুকনা খাবার ও পানি প্রস্তুত রাখা হয়েছে বলে জানান এই জনপ্রতিনিধি।

এদিকে শ্যামনগর উপজেলার আরেকটি ইউনিয়ন গাবুরার চেয়ারম্যান মাসুদুল আলম জানান, “চারপাশে নদীবেষ্টিত গাবুরাকে ঘিরে থাকা বাঁধ আইলার পর থেকে বেশ নিচু হয়ে আছে। এছাড়া ইয়াশ ও আম্পানের পর থেকে বড়গাবুরা, হরিশখালীসহ কয়েকটি অংশের বাঁধও বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।  এমতাবস্থায় ইউনিয়নের ৪০ হাজারের বেশি মানুষ নিম্নচাপকে ঘিরে শঙ্কিত হয়ে পড়েছে।”

মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা বলেন, তার ইউনিয়নের সিংহড়তলী, হরিনগরের বেড়িবাঁধের অবস্থা সংকটাপন্ন। তিনি তার টিম নিয়ে সাধারণ মানুষকে সাইক্লোন শেল্টারের নেয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন জানান, সাইক্লোন শেল্টারগুলো খুলে রাখা হয়েছে। স্বেচ্ছাসেবকরা মাইকিংসহ অন্যান্য কার্যক্রম শুরু করেছে।